সাভার, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের পুরাতন ইপিজেড এর লেনি ফ্যাশন নামে একটি তৈরী পোষাক কারখানায় শুক্রবার দুপুরের খাবার খেয়ে সাড়ে চারশ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর। ঘটনা তদন্তে ইপিজেড ও কারখানা কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি করেছে। (আরও তথ্যসহ)
নদী, জুলেখা, হালিমা, ফাতেমা, খাদিজা, রাবেয়াসহ অসুস্থ শ্রমিকরা জানান, দুপুরের আলু দিয়ে মুরগির তরকারি ও ডাল দিয়ে ভাত খাওয়ার পরপরই তাদের বমি এবং মুখ দিয়ে লালা গড়াতে থাকে। হাত-পায়ে খিঁচুনি লেগে কেউ কেউ সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন।
শ্রমিকরা জানায়, সরবরাহ করা মুরগির মাংস খাওয়ার সময়ই তাদের নাকে কটূ গন্ধ লেগেছিল।
প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা মেরী আক্তার বলেন, "সম্ভবত মুরগির মাংসে কোনও সমস্যা ছিল। না হলে এক সঙ্গে এতো মানুষ অসুস্থ হলো কেন?"
লেনি ফ্যাশনের সহকারী সুপারভাইজার শামসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলমিলতা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত কয়েকদিন ধরে শ্রমিকদের খাবার সরবরাহ করে আসছে। প্রথম দিনই তারা নিম্নমানের খাবার সরবরাহ করে। বিষয়টি কারখানার উর্ধ্বতন কর্মকর্তাদের জানানোও হয়।"
কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে কলমিলতা খাবার ভাণ্ডারের সরবরাহ করা ওই খাবার খাওয়ার ১৫/২০ মিনিটের মধ্যেই শত শত শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন।
তিনি জানান, প্রায় তিন শতাধিক শ্রমিককে সাভার গণ স্বাস্থ্য নগর কেন্দ্র হাসপাতাল, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, বেপজা হাসপাতাল এবং বাংলাদেশ কোরিয়া ও চীন মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে গুরুতর অসুস্থরা হলেন মুর্শেদা, নাসরিন, তানিয়া, শিল্পী, লতা, লাকী, সবুজ, শামসুন্নাহার, রেবেকা, হাসান, রিনা, সাবিনা, রিমা, বিলকিস, নুরভানু, জোসনা, রেহেনা, ইভা, রফিকুল, জসিম, নাজির, রতন মিয়া, সাজ্জাদ, বিউটি, রুমা, নিলুফা, রুমা, মরিয়ম, ফরিদা, মমতাজ, ফাতেমা, রাশেদা, মমতাজ, আফরোজা, নাসরিন, রেহেনা, লাকী, মরিয়ম, জাহানারা ও রেহেনা।
গণস্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক ডা. নাফিছা আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি শ্রমিকরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত।"
যে খাবার খেযে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন তা পরীক্ষার জন্য মহাখালীর আইসিডিডিআর'বি-তে পাঠানো হয়েছে বলে জানান লেনি ফ্যাশনের কর্তব্যরত বিকিৎসক মেহজাবিন হক।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন সাংবাদিকদের জানান, কলমিলতা খাবার ভাণ্ডারের দায়িত্বে থাকা আব্দুল হাকিম ও আসাদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার দুপুরের ঘটনার পর থেকে কলমিলতা প্রতিষ্ঠানে তালা দিয়ে সবাই পালিয়ে গেছে।
বেপজার মহাব্যবস্থাপক শামসুল হক সাংবাদিকদের জানান, খাবারের বিষক্রিয়ার ঘটনা তদন্তে লেনি ফ্যাশন কর্তৃপক্ষ তিন সদস্যের এবং বেপজা কর্তৃপক্ষ তিন সদস্যের পৃথক দুটি কমিটি গঠন করেছে।
হংকংয়ের মি. সনজু মালিকাধীন ওই তৈরী পোশাক কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমআই/২১০১ ঘ.
bdnews24