ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার বেশ কয়েকটি নদনদীর পানি কমতে শুরু করায় দেশের উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি বৃদ্ধির হারও খানিকটা কমে এসেছে। তবে উজান থেকে পানি নেমে আসতে শুরু করায় ঢাকার আশেপাশের এলাকাসহ দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। শুক্রবার সকালেও ১৭টি নদীর পানি ২৭টি পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে বইছিল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা আরিফুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমেছে, তবে আরিচা পয়েন্টে কিছুটা বেড়েছে। আগামী একদিনের মধ্যে পানি কমতে শুরু করতে পারে। এছাড়া পদ্মার বিভিন্ন পয়েন্টে পানি বাড়লেও তার গতি অনেকটাই ধীর।
তিনি আরও জানান, ঢাকা ও আশেপাশের অঞ্চলের নদ-নদীগুলোর পানি আরও কয়েকদিন বাড়তে পারে।
এদিকে সিরাজগঞ্জ ও সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ফরিদপুর, পাবনা, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সীগঞ্জের পরিস্থিতির অবনতি ঘটেছে। ফরিদপুর শহরের টেপাখোলা, গোপালপুর, হরিসভা ও ইয়াসিন কলেজ এলাকা তলিয়ে গেছে তিন ফুট পানির নিচে। রাস্তায় পানি উঠে পড়ায় মাওয়ার সঙ্গে শরীয়তপুরের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাবনা, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার পানিতে ডুবে চার শিশুসহ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪টি নদীর ২২টি পয়েন্টে পানি কমেছে, বেড়েছে ৩৫টি পয়েন্টে। এর মধ্যে ১৭টি নদীর ২৭টি পয়েন্টে নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
ব্রহ্মপুত্র অববাহিকার নদ-নদীগুলোর মধ্যে কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা পয়েন্টে ঘাঘট ও চকরহিমপুর পয়েন্টে করতোয়ার পানি বিপদ সীমার ৩২ ও ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি যথাক্রমে ১৬ ও ১৪ সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার ১৯ ও ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাহাদুরাবাদ ও সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১২ ও ৭ সেন্টিমিটার কমে যথাক্রমে বিপদ সীমার ৬৫ ও ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে আরিচা পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ৪ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এদিকে ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার বেশ কয়েকটি নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরো বেড়েছে। ডেমরা পয়েন্টে বালু, নারায়ণগঞ্জে লক্ষা, মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গীতে টঙ্গী খাল, তারাঘাটে কালীগঙ্গা, জাজির ও রিকাবী বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি যথাক্রমে বিপদ সীমার ১৯, ৩০, ২২,১৮, ১৩৯, ৩৫ ও ৭৩ সেন্টিমিটার ওপরে রয়েছে।
গঙ্গা অববাহিকায় ছোট যমুনার পানি নওগাঁ পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার তিন সেন্টিমিটার ওপরে রয়েছে। গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। এই দুটি পয়েন্টে পানি বিপদসীমার ১৫০ ও ১০৬ সেন্টিমিটার ওপরে রয়েছে।
মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে যথাক্রমে ১৪, ১২ ও ১১ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৯৭, ১৭ ও ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। আমলসীদ ও শ্যাওলা পয়েন্টে কুশিয়ারার পানি বইছে বিপদ সীমার ৪৫ ও ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে।
সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ৪৫ সেন্টিমিটার কমে এখনও বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। ভৈরব বাজার ও চাঁদপুরে মেঘনা নদীর পানি যথাক্রমে বিপদ সীমার ৬২ ও ২৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।
সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24