২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন: পুরো বিষয়টিই ঢাকা দুর্নীতি আর অনিয়মের ধোঁয়াশায়

বহুল আলোচিত ও বিতর্কিত ২২ তলা র‌্যাংগস ভবন নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। অনেকেরই ধারণা ছিল ক্ষমতা ও অর্থের কারণে এই ভবনটি অবৈধভাবে নির্মাণ সম্ভব হয়েছিল। এবং এ ব্যাপারে আর কিছু করা হয়তো সম্ভব হবে না। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভবনটির ৬ তলা রেখে বাকি অবৈধ ১৬ তলা ভেঙে ফেলার নির্দেশ দেয়ার পর দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। ২২ তলা র‌্যাংগস ভবনের কাজ শুরু হয় ১৯৮৯ সালে। শেষ হতে সময় লেগেছে ১০ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 06:09 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত ও বিতর্কিত ২২ তলা র‌্যাংগস ভবন নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। অনেকেরই ধারণা ছিল ক্ষমতা ও অর্থের কারণে এই ভবনটি অবৈধভাবে নির্মাণ সম্ভব হয়েছিল। এবং এ ব্যাপারে আর কিছু করা হয়তো সম্ভব হবে না। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভবনটির ৬ তলা রেখে বাকি অবৈধ ১৬ তলা ভেঙে ফেলার নির্দেশ দেয়ার পর দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। ২২ তলা র‌্যাংগস ভবনের কাজ শুরু হয় ১৯৮৯ সালে। শেষ হতে সময় লেগেছে ১০ বছর। র‌্যাংগস গ্রপের কর্ণধার আব্দুর রউফ চৌধুরীর র‌্যাংগস ভবনটি বিজয় সরণির এমন এক জায়গায় তৈরি করা হয়েছিল, যেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাস্টার প্ল্যানে তেজগাঁও-মহাখালী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের কথা ছিল। সরকার এখন র‌্যাংগস ভবনের জায়গা অধিগ্রহণ করে প্রস্তাবিত সংযোগ সড়কটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে । র‌্যাংগস ভবনের সূচনা এরশাদ শাসনামলে। ১৯৮৩ সালে রাজউকের তৈরি মাস্টার প্ল্যানে বিজয় সরণি থেকে তেজগাঁও-মহাখালী সংযোগ সড়ক নির্মাণ করার কথা। অথচ মাস্টার প্ল্যানে নির্ধারিত স্থানেই বহুতল র‌্যাংগস ভবন নির্মাণের জন্য র‌্যাংগস কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রাজউক থেকে নকশা অনুমোদন করিয়ে নেয়। এভাবে গুরুত্বপূণর্ সংযোগ সড়ক পরিকল্পনাটি চাপা পড়ে যায়। অভিযোগ রয়েছে, ১৯৮৯ সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ব্যক্তিগত হস্তক্ষেপে প্রস্তাবিত সড়কের নকশা থাকা সত্ত্বেও রাজউক র‌্যাংগস ভবনের নকশা অনুমোদন করে। ঐ সময় পূর্তমন্ত্রী ছিলেন শেখ শহীদুল ইসলাম। ১৯৮৯ সালে ১০ তলা অফিস কাম শপিং সেন্টার হিসেবে রাজউক নকশা পাস করে। এ বছরই র‌্যাংগস ভবনের কাজ শুরু হয়। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর বিএনপি সরকার ক্ষমতায় এলে তদন্তের পর ১৯৯১ সালে পূর্ত মন্ত্রণালয় র‌্যাংগস ভবনের নকসা বাতিল করে দেয়। ওই সময়ে র‌্যাংগস ভবনের কেবল দ্বিতীয় তলার কাজ চলছিল। কিন্তু অজ্ঞাত কারণে তৎকালীন বিএনপি সরকারের পূর্তমন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ১৯৯৪ সালে র‌্যাংগস ভবনের বাতিল করা নকশা পুনর্বহাল করেন। এবং পূর্ণ বাণিজ্যিক ভবন হিসেবে র‌্যাংগস ভবনের ২২তলা নকশা পাস করা হয়। পরবর্তীকালে এ বিষয়টি নিয়ে ব্যারিস্টার রফিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কটি নির্মাণের উদ্যোগ নেয় এবং ১৯৯৭ সালে র‌্যাংগস ভবনের নকশা বাতিল করা হয়।। তখন পর্যন্ত ভবনটির ৬/৭ তলা নির্মিত হয়। নকশা বাতিল করা হলে র‌্যাংগস কর্তৃপক্ষ রাজউকে আপিল করে এবং বিষয়টি বিরোধপূর্ণ হওয়া স্বত্ত্বেও ভবনটির নির্মাণ কাজ চালিয়ে যায়। রাজউক ১৯৯৯ সালে র‌্যাংগস কর্তৃপক্ষের আপিল খারিজ করে দেয়। এ পর্যায়ে র‌্যাংগস ভবন মালিকপক্ষ উচ্চ আদালতে রিট দায়ের করে এবং যথারীতি ভবনের নির্মাণ কাজ অব্যাহত রাখে। হাইকোর্ট রাজউকের নকশা বাতিলের আদেশ অবৈধ ঘোষনা করে। তখন পূর্ত মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজউক হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে। দীর্ঘদিন আপিলের শুনানি হয়নি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আবার বিজয় সরণি -তেজগাঁও সংযোগ সড়কের বিষয়টি উত্থাপিত হয়। তবে বিগত বিএনপি সরকারের আমলে পূর্ত মন্ত্রণালয় এবং রাজউক র‌্যাংগস ভবন ভাঙার ব্যাপারে আর তেমন উৎসাহ দেখা যায়নি। রাজউকের তথ্য অনুযায়ী, ২০০২ সালে র‌্যাংগস ভবনের ২২ তলার নির্মাণ কাজ সমাপ্ত হয়। সুউচ্চ র‌্যাংগস ভবনের কারণে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নে ঝুঁকি থাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাহিনী এ ব্যাপারে অব্যাহতভাবে আপত্তি জানিয়ে আসছিল। সর্বশেষ, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর এক আন্তঃমন্ত্রণালয় সভায় র‌্যাংগস ভবন ভাঙার নীতিগত সিদ্ধান্ত হয় । বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিতেও রাজউককে প্রস্তুত থাকতে বলা হয়। তবে উচ্চ আদালতে র‌্যাংগস ভবন সংক্রান্ত আপিলের নিষ্পত্তি না হওয়ায় পূর্ত মন্ত্রণালয় বা রাজউক কোন ব্যবস্থা নিতে পারেনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ র‌্যাংগস ভবন ভাঙার পক্ষে রায় দেয়ার পর রাজউক এর জন্য তাৎক্ষণিক প্রস্তুতি শুরু করে। রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, নগরীর যানজট নিরসনে প্রস্তাবিত বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ জন্য রাজউক প্রস্তাবিত সড়ক এলাকার জমি অধিগ্রহণ করবে। সেক্ষেত্রে র‌্যাংগস ভবনের অবশিষ্ট ৬ তলারও একই পরিণতি হবে। বর্তমান তত্ত্বাধায়ক সরকার ক্ষমতায় আসার পর র‌্যাংগস ভবনের বিষয়ে তদন্ত করার জন্য পূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব আয়েশা চৌধুরীকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশে র‌্যাংগস ভবনের জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, নকশা, বহুতল ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুমোদন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তদন্ত কমিটির একটি সূত্র জানায়, প্রতিবেদনে জমির মালিকানার সমস্যার কথা উল্লেখ করা হয়। তেজকুনিপাড়া মৌজার সিএস প্লট নম্বর ১৫৯ এবং ৫২ নম্বর প্লটের একাংশে র‌্যাংগস ভবন নির্মাণ করা হয়। দু'টি প্লটের মধ্যে ১৫৯ নম্বর প্লটে ১২ কাঠা এবং ৫২ নম্বর প্লটে ৯ কাঠা জমি রয়েছে । ভবনের মালিক দু'টি প্লটের এই মোট ২১ কাঠা জমির মালিকানা সংক্রান্ত কোন দলিল -পত্র দেখাতে পারেননি। তদন্ত কমিটি নিবিড় অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে ১৫৯ নম্বর প্লটের জমি ওয়াক্ফ সম্পত্তি এবং ৫২ নম্বর প্লটের জমি সড়ক ও জনপথ বিভাগের। রাজউকের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, ১৯৮৮ সালে আবদুর রউফ চৌধুরী 'ডিয়ার্স ইন্টারন্যাশনাল'-এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বিজয় সরণির পূর্ব দিকের এই জমিতে ১০ তলা শপিং কমপ্লেক্স কাম অফিস ভবন নির্মানের জন্য আবেদন করেন। এরপর ১৯৯০ সালে নকশাটি সংশোধনের জন্য আব্দুর রউফ চৌধুরী এবং সুলতানা আখতার খান মজলিস রাজউকের কাছে যৌথভাবে আবেদন করেন । সংশোধনীতে ১০ তলা ভবনটি তারা ২২ তলা করার জন্য নকশা পেশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসএম/এসকে/১১৪৪ ঘ.