ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "আকাশে রোদ থাকলেও পানি বাড়বে হুহু করে"। বন্যা পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তা জানতে চাইলে বৃহস্পতিবার রাতে এই ভাষাতেই জবাব দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উজানের পানি নামছে, ঢাকার আশেপাশে পানি বাড়ছে। এই বাড়ন্ত পানির প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে ঢাকার নিচু এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
ঢাকার পূর্বাঞ্চলের নিচু এলাকাগুলো এরই মধ্যে প্লাবিত হয়েছে। সবুজবাগ থানার বাসাবো, দক্ষিণগাঁও, নন্দীপাড়া, ত্রিমোহনী এলাকার তিন-চতুর্থাংশ এখন পানির নিচে। ত্রিমোহনী-নন্দীপাড়া এলাকার অনেক বাড়িতে নৌকা ছাড়া ঢোকার কোনও উপায় নেই। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বুলেটিনে বলা হয়েছে, পানি আরও বাড়বে।
নন্দীপাড়া-ত্রিমোহনী পাকা রাস্তার দু'ধারে বন্যার পানি জমেছে কয়েকদিন হয়। কোনো কোনো জায়গায় পানি রাস্তায় উঠি উঠি করছে। ত্রিমোহনীর শেষ প্রান্তে গুদারাঘাট এলাকায় পানি রাস্তার ওপরে উঠে পড়েছে। এ এলাকায় এখনও রোগের প্রাদুর্ভাব হয়নি, তবে পানি নামতে শুরু করলে আর পূর্ব প্রস্তুতি না থাকলে অবস্থা ভয়াবহ হতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।
ঢাকার ভেতর ও পাশ দিয়ে বয়ে যাওয়া ৫টি নদীর মধ্যে তিনটিকেই পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, বালু নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার, টঙ্গী খালে ১১ সেন্টিমিটার ও শীতলক্ষায় ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তুরাগের পানিও বিপদসীমা অীতক্রম করতে পারে বলে পূর্বাভাষে বলা হয়েছে। বুড়িগঙ্গার পানিও বাড়ছে। এই পাঁচটি নদীর পানি বাড়ছে প্রতিদিন ৫ থেকে ২০ সেন্টিমিটার হারে। সেই সঙ্গে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক সেলিম হোসেন বলেন, "ঢাকার পূর্বাঞ্চল ডিএনডি বাঁধের বাইরে। বন্যার পানিতে এ এলাকা প্লাবিত হয়েছে। পানি আরও বাড়বে।"
বৃষ্টি নেই, তারপরও পানি বাড়ছে
bdnews24