ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনেকটাই বদলে গেছে র্যাংগস ভবনের চেহারা। শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো ভাঙার কাজ শুরু হয়েছে। এক সময়ের দৃষ্টিনন্দন ঝাঁ-চকচকে অট্টালিকাটি দাঁত বের করা কঙ্কালে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপার। কাজ শুরু হওয়ার প্রথম কয়েকঘন্টা শুধু ভেতরের কক্ষগুলোর দেয়াল অপসারণ করা হয় বলে বাইরে থেকে তেমন চোখে পড়েনি। কিন্তু ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে 'ধ্বংসের' চেহারা।
র্যাংগস ভবনে প্রথম হাতুড়ির বাড়িটি পড়ে শুক্রবার সকাল ৭ টা ৪৫ -এ। সাড়ে তিনশ শ্রমিক হাতুড়ি- শাবল নিয়ে লেগে যান ভাঙার কাজে।
ভবনটি ভেঙে ফেলার কাজে নেতৃত্ব দেওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান ,তাদের কাছে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তি না থাকায় প্রথম পর্যায়ে হাতুড়ি ও শাবল ব্যবহার করেই ভবনটির বাইরের দিকের দেয়ালগুলো এবং ভেতরের কাঠামো ভেঙে ফেলা হবে। এ কাজে মোট প্রায় এক কোটি টাকা খরচ হবে বলে রাজউক কর্তৃপক্ষ ধারণা করছে। এতে প্রায় তিন মাস সময় লেগে যাবে।
ইমদাদুদ দস্তগীর জানান, এ কাজে প্রায় সাড়ে তিনশ' শ্রমিক লাগিয়েছে রাজউক । ভবনের প্রতিটি তলায় ২৯ জন করে শ্রমিক কাজ করছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন একজন করে তত্ত্বাবধায়ক কর্মকর্তা।
। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক আবু নোমান সজীব এবং মোকাররম হোসেন শুভ।
মাঝে মাঝেই ভেতর থেকে ছড়িয়ে বাতাসে ভাসছে র্যাংগস গ্র"পের রং-বেরঙের বিভিন্ন দাপ্তরিক কাগজ । সামনের প্যানেলের কাঁচগুলো খুলে নেওয়ায় সেখানটা এখন ফাঁকা। দেখা যাচ্ছে ভেতরকার দেয়াল আর সিলিং।
নিরাপত্তার জন্য সকাল থেকে কয়েকবার বিরতি দিয়ে পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
আশেপাশের এলাকায় কৌতুহলী মানুষ আর সংবাদকর্মীদের পাশাপাশি জড়ো হয়েছে চটজলদি ব্যবসার ফায়দা নিতে ফেরিওয়ালার দলও। রোদের কড়া আঁচ গায়ে না মেখে অভিনব ব্যাপারটির সাক্ষী হয়ে থাকছেন অনেকেই। ছবি তুলতেও দেখা যাচ্ছে কাউকে কাউকে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট ইমদাদুদ দস্তগীর সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের মালিকানাধীন জনতা টাওয়ারের উদাহরণ দিয়ে বলেন, "জনতা টাওয়ার ছিল একটি অবৈধ ভবন। ওই ভবনটির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে এই মূহুর্তে র্যাংগস ভবন পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া হলেও এর বর্তমান অবস্থা দেখে মানুষ যেন বুঝতে পারে এটি একটি অবৈধ স্থাপনা।"
ভবনের সামনের রাস্তায় এখনো চলছে যানবাহন। পুলিশ সেখানে নিরাপত্তা রক্ষার কাজ করছে। ছুটির দিন বলে এমনিতেই রাস্তায় ভিড় কম। তবে অনেক উৎসুক মানুষ জড়ো হয়েছেন আলোচিত ভবনটি ভেঙে ফেলার কাজ দেখতে। তাদের মধ্যে অনেকেরই সন্দেহ ছিল আসলেই ভবনটি ভাঙা হবে তো।
কিভাবে এটি ভাঙা হবে সে নিয়েও আগের রাত থেকেই ঘটনাস্থলে ছিল নানা গুঞ্জন। কেউ কেউ বলছিলেন বিশেষ ধরণের 'পাউডার' দিয়ে এটি ভাঙা হবে। একজন শ্রমিক বললেন,"পাউডার দিলে সব পইড়া যাবো । খালি রডগুলা থাকবো।"
ভাঙার কাজে অংশ নেওয়া শ্রমিক মো. মফিজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতদিন ছোট ছোট বিল্ডিং ভাঙছি। এখন এতবড় একটা বিল্ডিং ভাঙার কাজ করতে পাইরা খুবই ভালো লাগছে।"
ভবনটির বাইরে রাস্তায় অপেক্ষমান র্যাংগস আইটিটির প্রধান নির্বাহী কর্মকর্তা তুহিন ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার প্রতিষ্ঠানের সব মালামাল এত স্বল্প সময়ে সরানো সম্ভব হয়নি। এখন সবকিছু 'ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে' কি হয় তা দেখার জন্য অপেক্ষা করছেন।
তবে ম্যাজিস্ট্রেট দস্তগীর বলেছেন, ভবনের ভেতর থেকে কোন প্রতিষ্ঠান তাদের মালামাল সরাতে ব্যর্থ হলেও তাতে হাত দেওয়া হবে না। এ ব্যাপারে শ্রমিকদের কাজ শুরুর আগেই নির্দেশ দেওয়া হয়েছে।
তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আতিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভবনটি ভাঙার কাজে অংশ নেওয়া বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের সহায়তা করতে সাত প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এর বাইরে শতাধিক র্যাব, মহিলা পুলিশ এবং আনসার সদস্য রয়েছেন। সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলা করার জন্য দুটি ফায়ার ব্রিগেডের গাড়িও তৈরি রাখা হয়েছে।
ভবনের সামনে অপেক্ষমান তেজকুনিপাড়া ক্ষতিগ্রস্ত সমিতির সভাপতি আব্দুল মান্নান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ভবনের ওপরের অংশ ভেঙে ফেলার পর ওই জমি অধিগ্রহণ করে সেখানে রাস্তা নির্মাণ করবে। কিন্তু ভবনের পেছনেই আমরা প্রায় দেড়শ' পরিবার বসবাস করি। ওই রাস্তা নির্মাণের আগে আমাদের পূর্নবাসনের ব্যবস্থা করা হোক।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম / এএনএস/এসকে/১০২২ ঘ.
bdnews24