২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা আমাদের সঙ্গে আইনি লড়াই শুরু করেছেন: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার উকিল নোটিশ পাঠিয়ে কমিশনের সঙ্গে আইনি লড়াই শুরু করেছেন। আইন দিয়েই তা মোকাবেলা করা হবে। সরকারের উপদেষ্টারা ইচ্ছে করলে নিজেরাই উদ্যোগী হয়ে তাদের সম্পদের হিসাব জমা দিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, "তারা সচেতন মানুষ। তাই কমিশন তাদের হিসাব জমা দেওয়ার কোন নোটিশ দেবে না।" কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলার পাশাপাশি কমিশনের বর্তমান কার্যক্রমের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার উকিল নোটিশ পাঠিয়ে কমিশনের সঙ্গে আইনি লড়াই শুরু করেছেন। আইন দিয়েই তা মোকাবেলা করা হবে। সরকারের উপদেষ্টারা ইচ্ছে করলে নিজেরাই উদ্যোগী হয়ে তাদের সম্পদের হিসাব জমা দিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, "তারা সচেতন মানুষ। তাই কমিশন তাদের হিসাব জমা দেওয়ার কোন নোটিশ দেবে না।" কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলার পাশাপাশি কমিশনের বর্তমান কার্যক্রমের কথা জানান। তিনি বলেন, "উপদেষ্টাদের সম্পত্তির হিসাব দেওয়ার নোটিশ দেওয়া হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।" সম্পত্তির হিসাব বিবরণী জমা দিতে তার সহযোগিতা কামনা করে শেখ হাসিনার চিঠি এবং এরপর সাবেক প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব বিবরণী একজন উপপরিচালক চাইতে পারেন কিনা তার ব্যাখ্যা চেয়ে উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গে হাসান মশহুদ বলেন, "তার উকিল নোটিশ নিয়ে কারো উৎসাহিত বা উৎকণ্ঠিত হওয়ার কোন কারণ নেই। এটি আইনি লড়াই, আইন দিয়েই চলবে।" তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব পাওয়ার জন্য আমরা নির্ধারিত সময় ৮ আগস্ট পর্যন্ত অপেক্ষা করব। এ সময়ের মধ্যে হিসাব না পেলে আইনি পদক্ষেপ নেবো। কমিশনের কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনুসন্ধান ও তদন্ত শেষে বর্তমানে আরও ২০টি মামলা দায়েরের অপেক্ষায় রয়েছে। পাঁচটি বিশেষ জজ আদালতে বর্তমানে ১৩টি মামলা বিচারাধীন। প্রয়োজনে আদালতে সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, বর্তমানে কমিশনের কার্যক্রম কিছুটা কেন্দ্রভিত্তিক। অচিরেই এ কার্যক্রম মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে কমিশনের লোকবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই কমিশনের সাংগঠনিক কাঠানো অনুমোদন হয়েছে। কাঠামো অনুযায়ী বিভিন্ন সংস্থা ও দপ্তর থেকে প্রেষণে ছাড়াও কমিশন নিজস্ব লোকবল নিয়োগ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের কাছে সংস্কারপন্থী বা অসংস্কারপন্থী বলে কিছু নেই। আমাদের রাজনীতির সঙ্গে জড়াবেন না। আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করে যাচ্ছি। তবে এটাও ঠিক, ৩৫ বছরের শত্র"দের মাত্র পাঁচ মাসে কতটা কাবু করা যাবে। তাদের সরাতে আরও সময় লাগবে। দুর্নীতি আঠার মতো, এটা সরাতে সময়তো লাগবেই।" এই প্রেস ব্রিফিংয়ের এ সময় কমিশনের সচিব মোখলেস উর রহমানও উপস্থিত ছিলেন। কমিশনের নিয়মিত ব্রিফিং সচিব করলেও চেয়ারম্যান প্রতি মাসে একদিনের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২২৪০ ঘ.