২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজের পুত্রবধূর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আয়কর ফাঁকির মামলায় সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আয়কর ফাঁকির মামলায় সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন বৃহস্পতিবার অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার সাক্ষ্য নেওয়ার দিন ঠিক করা হয়েছে রোববার। ফারজানা খানকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় তার অনুপস্থিতিতেই এ বিচার চলছে। গত ১৬ জুলাই ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে এনবিআরের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন মামলাটি দায়ের করেন। এরপর সেটি বিচারের জন্য গত ২৯ জুলাই বিশেষ জজ আদালত-৫ এ পাঠানো হয়। ফারজানা খান ২ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার টাকার সম্পত্তির জন্য প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন বলে মামলার অভিযোগ করা হয়েছে। বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে গত মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ সময় আসামিকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। অবশ্য আদালত ওই দিন অভিযোগ গঠন প্রশ্নে পরে আদেশ দেবেন বলে জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৯২১ ঘ.