ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, বন্যা দুর্গতদের সহায়তার জন্য রাজনৈতিক নেতারা এগিয়ে আসতে পারেন। তবে ত্রাণ বিতরণের নামে তারা রাজনীতি করতে পারবেন না।
বৃহস্পতিবার পূর্তমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, "রাজনৈতিক দলগুলো মূলত সমাজসেবা করে থাকে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোও একটা সমাজ সেবামূলক কাজ। কিন্তু কেউ যদি দুর্গতদের সেবা দেওয়ার নামে দলের ব্যানার নিয়ে রাজনীতি করতে চান তাহলে সেটি হবে অমানবিক।"
উপদেষ্টা আরও বলেন, অনেক দলই আছে- যারা নিজেদের মতো কাজ করে যাবে, কিন্তু তারা বন্যার্তদের নিয়ে রাজনীতি করবে না।
বন্যার কারণে মানুষের কষ্ট ক্রমশ বাড়ছে বলে স্বীকার করেন উপদেষ্টা।
অবশ্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে আছে বলেও তিনি দাবি করেন।
মইনুল হোসেন বলেন, প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখছেন। তাদের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকরা সক্রিয়ভাবে কাজ করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরএ/এসএনডি/১৭০৫ ঘ.
bdnews24