ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ২৫ লাখ ডলার বা ১৭ কোটি টাকা জরুরি সাহায্য দিচ্ছে যুক্তরাজ্য।
বুধবার যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাহায্যের টাকায় ১০ জেলার ৫০ হাজার দুর্গত মানুষের জন্য খাবার, পানি, আশ্রয় ও ওষুধের ব্যবস্থা করা হবে বলে ওই সংবাদ বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএফআইডি বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মিলন খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ত্রাণ কার্যক্রম চালানোর জন্য ডিএফআইডি ১ দশমিক ৮ মিলিয়ন বা ১২ কোটি টাকা ইউএনডিপিকে দেবে। ইউএনডিপি বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে চরম দুর্গত পাঁচটি জেলায় ত্রাণ তৎপরতা চালাবে।"
তিনি জানান, সাহায্যের বাকি টাকা জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ডিএফআইডির 'চরাঞ্চলের জীবিকা' প্রকল্পে ব্যায় করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২১৫৬ ঘ.
bdnews24