রাজশাহী, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
লুৎফর রহমানকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ তার এক মাসের আটকাদেশ চেয়ে আবেদন জানিয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন সংক্রান্তটাস্কফোর্সের পক্ষ থেকে লুৎফর রহমানের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
গত সোমবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সন্ধ্যায় লুৎফর রহমানকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ঢাকায় র্যাব সদস্যরা লুৎফর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের রাজশাহী বিভাগীয় হেড কোয়ার্টার বগুড়ায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালিয়া থানায় পাঠানো হয়।
লুৎফর রহমান রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি ছাড়াও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও সোনা মসজিদ আমদানি-রফতানিকারক গ্র"পের সভাপতি।
কর ফাঁকির অভিযোগে গত ১৮ মার্চ কাস্টমস পরিদর্শক নুরুজ্জামান বাদি হয়ে লুৎফর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৯ ঘ.
bdnews24