বরিশাল, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল-পটুয়াখালী সড়কের ঝালকাঠির দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে বুধবার ট্রাকের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পু যাত্রী মহসিন (১১) নিহত হয়েছে।
তার বাড়ি দপদপিয়া ইউনিয়নের চিমিরকাছী গ্রামে। দুর্ঘটনায় আহত চারজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলছিটি থানা পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে দপদপিয়া ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই টেম্পুটি বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল। এটি দপদপিয়া ইউনিয়ন পরিষদ অতিক্রম করার সময় পটুয়াখালী থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মহসিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৫৫৮ ঘ.
bdnews24