মুন্সীগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে শিক্ষার্থী ও এলাকাবাসীর অবরোধের কারণে ঢাকা-মাওয়া সড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
মহাসড়ক পুলিশের কর্মকর্তা সার্জেন্ট আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল আটটার দিকে শ্রীনগর উপজেলার হাসারা এলাকায় কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার রাস্তা পার হওয়ার সময় সুগন্ধা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন।
ঘটনার পরপরই বিদ্যালয়ের কয়েক শ' শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে। পরে র্যাব ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে ৯টার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে জানান আব্দুস সালাম।
আহত তানিয়াকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি মাওয়ায় আটক করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
সড়কটির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫১ ঘ.
bdnews24