ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টিএন্ডটি'র সিবিএ নেতা ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে ফিরোজ মিয়া ও তার পরিবারের জানা আয়ের বাইরে মোট এক কোটি ৩৫ লাখ নয় হাজার ৩১২ টাকার সম্পত্তি থাকার কথা বলা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের উপ-পরিচালক মীর জয়নাল আবেদীন শিবলী জানান, মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
বর্তমান কারাবন্দি ফিরোজ মিয়ার পক্ষ থেকে দুদকে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণী পরীক্ষা-নিরীক্ষা এবং অনুসন্ধান শেষে গত ২০ মার্চ রমনা থানায় মামলাটি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এমএইচবি/২৩৫৫ ঘ.
bdnews24