২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন হওয়ার আগেই রাজশাহীতে ছবিসহ ভোটার তালিকার কাজ চলছে

ভোটার তালিকা বিষয়ক আইন হওয়ার আগেই রাজশাহী সিটি করপোরেশন এলাকায় নির্বাচন কর্মকর্তারা ছবিসহ ভোটার তালিকার ফরম বিলি করছেন। এই ভোটার ফরমের আইনগত বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা ১৯৮২ সালের ভোটার তালিকা অধ্যাদেশে সংশোধনী এনে এতে ছবিসহ ভোটার তালিকার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে, যা এখনও হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 05:04 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

রাজশাহী, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা বিষয়ক আইন হওয়ার আগেই রাজশাহী সিটি করপোরেশন এলাকায় নির্বাচন কর্মকর্তারা ছবিসহ ভোটার তালিকার ফরম বিলি করছেন। এই ভোটার ফরমের আইনগত বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা ১৯৮২ সালের ভোটার তালিকা অধ্যাদেশে সংশোধনী এনে এতে ছবিসহ ভোটার তালিকার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে, যা এখনও হয়নি। জেলা নির্বাচন অফিসার সৈয়দ মোহাম্মদ মুসার সঙ্গে যোগাযোগ করা হলে মঙ্গলবার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এখন শুধু ফরম পূরণের কাজ চলছে। ভোটার তালিকা বিষয়ক আইন হলেই কেবল ছবি সংগ্রহ করা হবে। তিনি বলেন, "ভোটার তালিকার বর্তমান আইনে ছবির কথা নেই। এতে সংশোধনী এনে ভোটারের ছবির বিষয়টি যোগ করে আরেকটি আইন হবে। আর তখনই শুরু করা হবে ছবি তোলার কাজ।" গত ২২ জুলাই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন রাজশাহীতে এসে ছবিসহ ভোটার তালিকা তৈরি করার জন্য নানা দিক-নির্দেশনা দেন। আগামী ৫ আগস্ট থেকে ভোটারদের ছবি সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হওয়ার কথা। জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ৩০ টি ওয়ার্ডে ৩০ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা এবং ৯০৮ জন তথ্য সংগ্রহকারী ভোটার ফরম পূরণের কাজ করছেন। ২০০৬ সালের ডিসেম্বরের ভোটার তালিকায় রাজশাহী সিটি করপোরেশনে ভোটার ছিল ২ লাখ ৭৪ হাজার ১২৮ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এমআই/এসকে ২২৫২ ঘ.