২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা ও একজন ইউসুফ আলীর গল্প

ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগতপুরা গ্রামটি পুরোপুরি ভেঙে বিলীন হয়েছে যমুনায়। বাস্তু হারিয়ে গ্রামের দেড়শতাধিক পরিবারের হাজারখানেক মানুষ আশ্রয় নিয়েছেন জগতপুরা নইমউদ্দিন উচ্চবিদ্যালয়ে। সব হারানো একটি পরিবারের প্রধান ৬৫ বছর বয়সী ইউসুফ আলী । যমুনার কোলে জীবনের এতগুলো বছর কাটিয়ে দিলেন। এর আগেও মোকাবেলা করেছেন ভয়াবহ বন্যা । কিন্তু এবার পুরো গ্রামটিই নদীর গ্রাসে যাওয়ায় রীতিমত বিপন্ন বোধ করছেন তিনি । ১৭ বিঘা ফসলী জমি ভাঙনে চলে যাওয়ায় সাতজনের সংসার নিয়ে ত্রাণের চাল খেয়ে বেঁচে থাকতে হচ্ছে ইউসুফ আলীকে। এতে বড়ই বাধছে অবস্থাপন্ন এই কৃষকের। সপ্তাহে ১০ কেজি চালে কোনো রকম একবেলা খেয়ে দিনযাপন করছেন। টাঙ্গাইল থেকে সরেজমিন ঘুরে এসে জানাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

টাঙ্গাইল, জুলাই ৩১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগতপুরা গ্রামটি পুরোপুরি ভেঙে বিলীন হয়েছে যমুনায়। বাস্তু হারিয়ে গ্রামের দেড়শতাধিক পরিবারের হাজারখানেক মানুষ আশ্রয় নিয়েছেন জগতপুরা নইমউদ্দিন উচ্চবিদ্যালয়ে। সব হারানো একটি পরিবারের প্রধান ৬৫ বছর বয়সী ইউসুফ আলী । যমুনার কোলে জীবনের এতগুলো বছর কাটিয়ে দিলেন। এর আগেও মোকাবেলা করেছেন ভয়াবহ বন্যা । কিন্তু এবার পুরো গ্রামটিই নদীর গ্রাসে যাওয়ায় রীতিমত বিপন্ন বোধ করছেন তিনি । ১৭ বিঘা ফসলী জমি ভাঙনে চলে যাওয়ায় সাতজনের সংসার নিয়ে ত্রাণের চাল খেয়ে বেঁচে থাকতে হচ্ছে ইউসুফ আলীকে। এতে বড়ই বাধছে অবস্থাপন্ন এই কৃষকের। সপ্তাহে ১০ কেজি চালে কোনো রকম একবেলা খেয়ে দিনযাপন করছেন। বিপদে পড়ে পাঁচটি গরুর মধ্যে তিনটিই বিক্রি করেছেন। বাকি দুইটিও বেচে দেবেন বলেন জানালেন। ত্রাণ নয়, তিনি কাজ দেওয়ার দাবি জানালেন সরকারের কাছে। ইউসুফ আলীর মতো অবস্থা এখানকার অনেকেরই। ভূঞাপুর-গোপালপুর উপজেলার মধ্যে অর্জুনা ইউনিয়নেই সবচেয়ে বেশি শিক্ষিত ও অবস্থাপন্ন পরিবারের বসবাস। কিন্তু বানের জলে ভেসে যাওয়ার পর একই অবস্থায় এসে দাঁড়িয়েছেন ধনী-গরীব সকলে। স্থানীয় প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যরা জানালেন অর্জুনা ইউনিয়নের ৭০ ভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। পার্শ্ববর্তী গাবছাড়া ইউনিয়নের অবস্থা আরো ভয়াবহ। পুরো ইউনিয়নই পানির নিচে। পানির গভীরতা কোথাও কম আর কোথাও বেশি এটুকুই পার্থক্য। এমনকি এখানকার স্কুল মাঠেও পানি উঠে যাওয়ায় মানুষের আশ্রয়ের জায়গারও অভাব দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যরা বন্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টার পাশাপাশি দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রয়োজনের তুলনায় সবকিছুই অপ্রতুল। অনেক গ্রামে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এজন্য নলকূপ উঁচু করার উদ্যোগ নেওয়া হয়েছে । সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রের আশেপাশে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করায় পরিবেশ বিষিয়ে উঠেছে। ডায়রিয়া কিংবা কলেরার প্রকোপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। অর্জুনার একটি স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় মোড়ল আব্দুস সাত্তার পানিবাহিত রোগের প্রকোপ দেখা দেওয়ার আশঙ্কা জানিয়ে বললেন, পানির টান পড়লেই ডায়রিয়া শুরু হবে। এজন্য বিশুদ্ধ পানি ও স্যালাইনের সরবরাহ বাড়ানো জরুরি। লোকজন সেখানে সেখানে মলমূত্র ত্যাগ করায় ইতিমধ্যে রোগ দেখা দিয়েছে বলে তিনি জানালেন। মঙ্গলবার এই দুর্গত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা তপন চৌধুরী। তিনি দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং প্রশাসনকে সহায়তা আরো জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, "সরকার এখনো কোনো এলাকাকেই দুর্গত ঘোষণা করেনি। তবে বন্যাকবলিত মানুষকে সহায়তা আরো বাড়াবে।" উপদেষ্টা পানি উন্নয়ন বোর্ডের বাধ ভেঙে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং স্বীকার করেন বাধ রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হয়নি। জেলার ভুঞাপুর ও গোপালপুরের অধিকাংশ এলাকা এখন বন্যাকবলিত। কালিহাতী উপজেলার বেশকিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার পৌলি সেতু আংশিক বিধ্বস্ত । অর্জুনা ও গাবছাড়া ইউনিয়নের কুঠি বয়রা, গুলিপচা, শুশুরা, তালতলা, আমিল, গোবিন্দপুর, জমারপাড়া, চন্দনি, মেগাপটল গ্রামসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভুঞাপুর উপজেলা সদরের ফকিরপাড়া স্লুইস গেটের পশ্চিমপাড়ে যমুনার পানি রাস্তা ছুঁই ছুঁই । এখানে সড়কটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবেও কাজ করছে। বাঁধের অপর পাশে পানি কম থাকায় স্লুইস গেটের দুইপাশের বাঁধ ভেঙে প্রচন্ড বেগে পানি ঢুকছে। বালির বস্তা, ইট, কাঠ দিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা করছে যৌথবাহিনী ও স্থানীয় মানুষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ জিএমএ/এমএইচএস/এসকে ২২১০ ঘ.