ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের প্রধান হাসান মাশহুদ চৌধুরী বলেছেন, সাক্ষীর চেয়ে প্রমাণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে যাতে অভিযুক্ত দুর্নীতিবাজ কোনোভাবেই ছাড় না পান।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক বৈঠকে হাসান মাশহুদ চৌধুরী একথা বলেন।
দুদক প্রধান বলেন, "দুর্নীতির মামলাগুলো বিচারের জন্য উচ্চ আদালতে পাঠানোর সময় সাক্ষীর চেয়ে প্রমাণের ওপর আমরা বেশি নির্ভর করবো। সাক্ষীরা তাদের মনোভাব পরিবর্তন করতে পারে কিন্তু প্রমাণ অপরিবর্তনীয়।"
বৈঠকে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান।
হাসান মাশহুদ চৌধুরী বলেন, "দেশের দুর্নীতিবিরোধী কাযক্রমের প্রথম সারির দুটি সংস্থা হলো এনবিআর ও দুর্নীতি দমন কমিশন। এনবিআর আমাদের তথ্য দেওয়ার মাধ্যমে সাহায্য করতে পারে।"
দুর্নীতি নির্মূলের জন্য সামাজিক আন্দোলনেরও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দুদক প্রধান জানান, কমিশনকে শক্তিশালী করতে আর্থিক ও ভূমি সংক্রান্ত দুর্নীতিসহ বিভিন্ন প্রকার দুর্নীতির ব্যাপারে বিশেষজ্ঞ তৈরির পরিকল্পনা রয়েছে।
বদিউর রহমান বলেন, দুর্নীতি রোধে এনবিআরও বড় ভূমিকা পালন করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসআর/টিএইচ/এসকে ২০৪৫ ঘ.
bdnews24