ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ব্যাংক হিসাবের ব্যাপারে কোন প্রকার সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার চিঠির জবাব দিয়েছে।
দুদক চেয়ারম্যানের পক্ষে সচিব মোখলেস উর রহমান স্বাক্ষরিত ওই লিখিত জবাবটি মঙ্গলবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সচিব মোখলেস উর রহমান এ ব্যাপারে সাংবাদিকদের জানান, জেল কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠিটি দুদক সহানুভূতির সঙ্গে বিবেচনায় নিয়েছে। কমিশনের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর এ ব্যাপারে কিছু করণীয় নেই বলে মত প্রকাশ করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার দুপুরেই কমিশনের পক্ষ থেকে একটি ফিরতি চিঠি শেখ হাসিনাকে পাঠানো হয়। ঢাকার জেলার তার পক্ষে চিঠিটি গ্রহণ করেছেন।
সোমবার বিকেলে সম্পত্তির হিসাব বিবরণী দেওয়ার সুবিধার্থে শেখ হাসিনার একটি চিঠি কারা কর্তৃপক্ষের মাধ্যমে কমিশনে পাঠানো হয়। ওই চিঠিতে হাসিনা তার ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য এবং তার বাসা থেকে জব্দকৃত নথিপত্র উদ্ধারে কমিশন চেয়ারম্যানের সহায়তা কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশন সচিব জানান, শেখ হাসিনা কমিশনের সহায়তা চেয়ে চিঠি দিলেও খালেদা জিয়ার পক্ষ থেকে কোন সহায়তা চাওয়া হয়নি।
কারাবন্দি নেতাদের সম্পত্তির হিসাব দেওয়ার নোটিশ প্রদান হয়রানির উদ্দেশ্যে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "কমিশনের কাউকে হয়রানি করার কোন উদ্দেশ্য নেই। কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। সব সময়ই কমিশন স্বাধীনভাবে কাজ করে যাবে।"
গত ২৫ জুলাই শেখ হাসিনা কারা কর্র্তৃপক্ষের মাধ্যমে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে থাকা নিজের ব্যাংক হিসাবের তালিকা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরকে চিঠি পাঠান। কিন্তু 'বিষয়টি এখতিয়ার বর্হিভূত' উল্লেখ করে রোববার বাংলাদেশ ব্যাংক কর্র্তৃপক্ষ তালিকা দিতে অপারগতা প্রকাশ করে।
শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সাত দিনের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য ১৭ জুলাই চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন। তাদের আবেদনের প্রেক্ষিতে কমিশন আরও সাত কর্মদিবস সময় বাড়িয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত সম্পত্তির হিসাব জমা দেয়ার সময় নির্ধারণ করে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে ২০২৮ ঘ.
bdnews24