প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-একটি গেজেট নথিভুক্ত করা নিয়ে মঙ্গলবার বিশেষ জজ আদালতে বিচারকের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক অমর কুমার রায় আদালত মুলতবি ঘোষণা করেন।
বিকেলে সংসদ ভবনে বিশেষ জজ আদালত-২ এ ব্যারিস্টার নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলায় সাফাই সাক্ষ্য চলছিল। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল পত্রিকার প্রকাশক ও মালিকানা সম্পর্কিত ১৯৭৩ সালের একটি গেজেট প্রদর্শনীর জন্য বিচারককে তা নথিভুক্ত করার অনুরোধ করেন।
বিচারক তখন বলেন, "এটা আইন। পড়ে শোনালেই হবে। প্রর্দশনীর জন্য নথিভুক্ত করার প্রয়োজন নেই।"
আইনজীবী তখন বলেন, "পাবলিক ডকুমেন্ট। অবশ্যই তা নথিভুক্ত করতে হবে। আইনেও তা বলা আছে।"
জবাবে বিচারক বলেন, "আপনি কি কোর্টকে চ্যালেঞ্জ করছেন? কোর্টের সঙ্গে অযথা তর্ক করবেন না।"
এ কথা শুনে আইনজীবী বলেন, "আপনিতো আসামি পক্ষের ফটোকপি প্রর্দশনী হিসেবে নথিভূক্ত করতে পারেন, অথচ আমি পাবলিক ডকুমেন্ট দিচ্ছি সেটা নিয়ে আপত্তি করছেন।"
বিচারক এবার ক্ষুব্ধ হয়ে তার উদ্দেশে বলেন, "হোয়াট ডু ইউ মিন? কোর্ট এভাবে কাজ করবে না। আগামীকাল পর্যন্ত কোর্ট মুলতবি করা হল।" এ কথা বলে বিচারক অমর কুমার রায় এজলাস ত্যাগ করে চলে যান।
এ ঘটনার পর আদালতের বাইরে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন,"আমি সত্যের জন্য কাজ করছি। আইন অনুযায়ী পাবলিক ডকুমেন্ট প্রর্দশনীর জন্য নথিভুক্ত করা যায়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯৩০
bdnews24