২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় চট্টগ্রামে দু'জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কুমিল্লার গোমতী হাসপাতালের ওয়ার্ড বয় মাসুদ আলম হত্যা মামলায় মঙ্গলবার তার স্ত্রীসহ দু'জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক সফিকুল করিম মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার গোমতী হাসপাতালের ওয়ার্ড বয় মাসুদ আলম হত্যা মামলায় মঙ্গলবার তার স্ত্রীসহ দু'জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক সফিকুল করিম মঙ্গলবার দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাসুদ আলমের স্ত্রী মোছা. রহিমা আকতার ও মো. শামীম। শামীম এখন পলাতক। এছাড়া আশিকুর রহমান রনি, মো. খোরশেদ আলম ও সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। সরকার পক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পরকীয়া প্রেমের জের ধরে মাসুদ আলমকে হত্যা করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গোমতী হাসপাতালের প্যাথলজি বিভাগের সহকারী রহিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ওয়ার্ড বয় মাসুদ আলম গোপনে তাকে বিয়ে করেন। পরে রহিমার সঙ্গে শামীম ও আশিকুর রহমান রনির প্রেমের সম্পর্ক হয়। এর জের ধরে খুন করা হয় মাসুদকে। মামলার প্রধান আসামি রহিমা আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদলতকে জানান, শামীম ও তিনি হত্যার মূল পরিকল্পনাকারী। পরে এর সঙ্গে আশিকুর রহমান রনিকেও যুক্ত করা হয়। পরিকল্পনা অনুসারে তিনি ২০০৬ সালের ২ মার্চ রাতে মাসুদ আলমকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর রনি, শামীম, সাইফুল ও খোরশেদ তাকে একটি সিএনজি অটোরিকশা করে কুমিল্লার বোধইর এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। পরে মাসুদের লাশ সেখানকার একটি ইটভাটার কাছে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনার ২৭ দিন পর মাসুদের কংকাল উদ্ধার করে পুলিশ। পরে মাসুদের ভাই বশির আহমেদ কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩০ সেপ্টেম্বর এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে বিশেষ আদালতে চলতি বছরের ৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/ ১৬২১ ঘ.