ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ করা হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যরা এখনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। এদের মধ্যে একজন সদস্য 'কারণ না জানিয়ে' এভাবে পদত্যাগ করতে বলাটাকে দু:খজনক বলে আখ্যায়িত করেছেন।
সরকারের অনুরোধে সাড়া দিয়ে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে মঙ্গলবার দুপুরে চার সদস্যের একজন অধ্যাপক এম মাহবুবুল্লাহ বলেন, "বিষয়টি বিবেচনা করছি। এখনো কোনো সিদ্ধান্তে আসিনি। "
অধ্যাপক এম মাহববুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার শিক্ষা সচিব টেলিফোনে আমাকে পদত্যাগ করতে বলেছেন। তবে কি কারণে পদত্যাগ করতে বললেন সে বিষয়ে কিছু বলেন নি।"
কমিশনের আরেক সদস্য অধ্যাপক তারেক শামসুর রেহমান বলেছেন, তাকেও পদত্যাগ করতে বলা হয়েছে। তবে কি কারণে তিনি পদত্যাগ করবেন এটা বলা হয়নি। অধ্যাপক রেহমান তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ থাকলে আগে সেগুলো উত্থাপনের দাবি জানিয়ে বলেন, "এভাবে পদত্যাগ করতে বলাটা দু:খজনক।"ু
এর আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চার সদস্যকে পদত্যাগ করতে বলেছে সরকার। সোমবার কমিশনের চার সদস্যকে টেলিফোনে শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম পদত্যাগ করতে বলেন। সরকার এর আগে বিতর্কিত সরকারি কর্মকমিশনের সদস্যদের পদত্যাগ করতে বলেছিল।
এ বিষয়ে কমিশন চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা সরকারের সিদ্ধান্ত। অতীতে এভাবে সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছে এবং সরকার চাইলে সেটা করতে পারে। "
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে কমিশনের বর্তমান সদস্য ফাইসুল ইসলাম ফারুকীকে নিয়োগ দেওয়ার আগে ড. মোহাম্মদ মাহফুজুল হককে সরিয়ে দেওয়া হয়। নিয়োগের শর্তে মেয়াদ পূর্তির আগে সরকার সরিয়ে দিতে পারবে এমন কথা বলা আছে। এরপরও কেউ পদত্যাগ না করলে কি করা হবে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে ।
অন্য দুজন সদস্য যাদের পদত্যাগ করতে বলা হয়েছে তারা হলেন ফাইসুল ইসলাম ফারুকী ও সুলতান হোসেন খান। কমিশনে পাঁচজন সদস্য রয়েছে। একমাত্র ড. এহসানুল হককে পদত্যাগ করতে বলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে ১৪৫০ ঘ.
bdnews24