ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর বিজয় সরণীর র্যাংগস ভবনের নকশা বাতিল অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছে আপিল বিভাগ।
বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির একটি বেঞ্চ পাঁচ দিন শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন।
মঙ্গলবার পঞ্চম দিনের শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, "ইমারত নির্মাণ আইন অনুযায়ী বিশেষ বিশেষ এলাকায় ইমারত নির্মাণের ক্ষেত্রে বিমান চলাচল সংক্রান্ত বিধি নিষেধ প্রযোজ্য হয়। র্যাংগস ভবন পুরনো বিমানবন্দরের পাশে অবস্থিত হওয়ায় বেসামরিক বিমান চলাচল বিধিমালায় বর্ণিত সর্বোচ্চ ৬ তলা বা ৬০ ফুট উচ্চতার বিধান এক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে।"
আদালত বলেন, র্যাংগস ভবন নির্মাণের ওপর আদালতের নিষেধাজ্ঞা ও ভবন কর্তৃপক্ষ ৬ তলা থেকে ১১ তলা নির্মাণ না করার মুচলেকা দিয়েও তারা শর্ত ভেঙে নির্মাণ কাজ অব্যাহত রাখে।
র্যাংগস ভবনের কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক আদালতকে বলেন, ১৬ তলা ভবন নির্মাণের পর রাজউক র্যাংগস ভবন নির্মাণ বন্ধ রাখতে বলে।
এ সংক্রান্ত পুলিশ প্রতিবেদনও তিনি আদালতে দাখিল করেন।
১৯৯৯ সালের ২১ জুন র্যাংগস ভবনের নকশা বাতিল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)। এর বৈধতা নিয়ে ওই মাসেই ভবনের মালিক হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নকশা বাতিলের বিষয়টি ২০০০ সালের ২ মে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আবেদন জানালে সুপ্রিম কোর্ট ২০০৫ সালের ৫ ডিসেম্বর শুনানির জন্য তা গ্রহণ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এসকে ১৪১৬ ঘ.
bdnews24