ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও মেহেরপুর জেলায় মঙ্গলবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কালিবালা এলাকায় মঙ্গলবার সকালে শহরের জলেশ্বরীতলার রিমন (২৮) এর লাশ পাওয়া যায়। তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল।
রিমনের বাবার নাম সামছুদ্দিন খাঁন দুলু।
নিহতের পরিবার জানায়, সোমবার রাত ৮টার দিকে রিমন তার সিএনজি অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে শহর থেকে ৬ কিলোমিটার দূরে কালিবালায় তার জবাই করা লাশ পাওয়া যায়।
লাশের পাশে তার রিমনের অটো রিকশাটি পড়ে ছিল।
মেহেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার ঘোড়ামারা সেতুর কাছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ।
তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোরশেদ।
তিনি বলেন, "সোমবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা সেতুর কাছে বলিয়ারপুর গ্রামে মাঠে নিয়ে ওই যুবককে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।"
পুলিশ তার পরিচয় সনাক্ত করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৪ ঘ.
bdnews24