কুষ্টিয়া, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার খেজুরতলা গ্রামে মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ ঘোষিত বিপ্লাবী কমিউনিস্ট পার্টি ও গণ মুক্তি ফৌজের দুই চরমপন্থি নিহত হয়েছেন।
নিহতরা হলেন, বিপ্লবী কমিউনিস্ট পার্টির বশির আহমেদ খান (৩৫) ও গণ মুক্তি ফৌজের জুমারত ফকির (৩৪)।
পুলিশ জানিয়েছে, বশিরের বাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা গ্রামে। তার বিরুদ্ধে ইবি থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া জুমারত ফকিরের বাড়ি আব্দালপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে। সেও চারটি হত্যা মামলার আসামি ছিল।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, কুষ্টিয়া-হালসা সড়কের খেজুরতলা গ্রামে দুটি চরমপন্থি দলের সশস্ত্র ক্যাডাররা পোপন বৈঠক করছেন এ খবর পেয়ে রাত চারটার দিকে তারা ওই গ্রামে অভিযান চালান। এ সময় চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে তারাও পাল্টা গুলি ছোড়ে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, প্রায় ২০ মিনিট স্থায়ী এ বন্দুকযুদ্ধে বশির ও জুমারত গুলিবিদ্ধ হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একই সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুকও উদ্ধার করেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১০৪১ ঘ.
bdnews24