২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদের অভিযোগে আলমগীর কবিরের বিরুদ্ধে আরেকটি মামলা

জঙ্গি মদদ ও জেএমবি সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী ও বর্তমানে এলডিপির শীর্ষস্থানীয় নেতা আলমগীর কবিরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের জহুরুল ইসলামের স্ত্রী আন্দুয়ারা বেগম সোমবার জেলা ৩ নম্বর ফৌজদারি আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আত্রই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল মিয়াকে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

নওগাঁ, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি মদদ ও জেএমবি সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী ও বর্তমানে এলডিপির শীর্ষস্থানীয় নেতা আলমগীর কবিরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের জহুরুল ইসলামের স্ত্রী আন্দুয়ারা বেগম সোমবার জেলা ৩ নম্বর ফৌজদারি আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আত্রই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল মিয়াকে নির্দেশ দিয়েছেন। এর একদিন আগে রোববারই নওগাঁর আদালতে আলমগীর কবিরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়। জঙ্গি মদদের অভিযোগে ওই মামলাটি করেন আত্রাই উপজেলার বিশা গ্রামের রমজান আলী। সোমবার দায়ের করা মামলায় ১২ জনের নাম উল্লেখ করে মোট তিনশ জেএমবি সদস্যকে আসামি করা হয়েছে। আর জেএমবির কর্মকাণ্ডের মদদদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে আলমগীর কবিরকে। এজাহারে বলা হয়, জেএমবি সদস্যরা ২০০৪ সালের ২৭ মে বাদির বাড়িতে এসে নানা হুমকি দিয়ে বাদির স্বামী জহুরুল ইসলামকে সাত দিনের মধ্যে চকবিষ্ণুপুর জেএমবির ক্যাম্পে সারেন্ডার করতে বলে। জহুরুল ক্যাম্পে না যাওয়ায় ওই বছরের ১৪ জুন সকালে আসামিরা লাঠি, রামদা, হকিস্টিকসহ হামলা চালিয়ে বাদি ও তার সন্তানদের মারপিট ও বাড়িঘর ভাংচুর করে। ওই সময় বাদির বাড়ি থেকে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৩ লাখ মালামাল লুট করে আসামিরা। পরিস্থিতি অনুকূল না থাকায় এতোদিন মামলা করার সাহস হয়নি বলে বাদি এজাহারে উল্লেখ করেন। মামলায় যে সব আসামির নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন আব্দুস সাত্তার, আবুল মাস্টার, জমির উদ্দিন, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, ছাত্তার, গোপাল, মুকুল, শুকুর আলী, খোকন, সাইফুল এবং কালু ওরফে কাল্লা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০৫৩ ঘ.