২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০ লাখ টাকার ভারতীয় কাপড় আটক

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় সোমবার সকালে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় ও শাড়ি আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় সোমবার সকালে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় ও শাড়ি আটক করেছে বিডিআর। ভোর সাড়ে পাঁচটার দিকে নূপুর মার্কেটের সামনে একটি ট্রাক থেকে এসব কাপড় আটক করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান বিডিআরের উপ-অধিনায়ক একেএম নুরুল বাহার। তিনি বলেন, "ভারত থেকে প্রচুর পরিমাণে চোরাই কাপড়সহ একটি ট্রাক আসছে এমন সংবাদের ভিত্তিতে বিডিআরের একটি দল রাতেই রিয়াজউদ্দিন বাজারে অবস্থান নেন। সকাল সাড়ে পাঁচটার দিকে নূপুর মার্কেটের সামনে ট্রাকটি আটক করা হয়। তবে ওই সময় ট্রাকের সঙ্গে থাকা লোকরা পালিয়ে যায়।" ট্রাকটি থেকে এক হাজারটি শাড়িসহ প্রচুর পরিমাণে থ্রি পিস, থান কাপড় ও শার্ট পিস উদ্ধার করা হয় বলে বিডিআরের ওই কর্মকর্তা জানান। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। তিনি বলেন, "উদ্ধারকৃত কাপড়ে এবং কাগজপত্রে ভারতের বিভিন্ন কোম্পানির সিল রয়েছে।" উদ্ধার করা কাপড় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে বিডিআরের উপ-অধিনায়ক জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮২৫ ঘ.