ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটির সপ্তম তলায় ২ আগস্ট থেকে শুরু হচ্ছে মাসব্যাপী "ঢাকা মেট্রো বাণিজ্য মেলা ০৭"।
সোমবার বসুন্ধরা সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান আছির আহম্মেদ আলাল জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ টাকার বিনিময়ে টিকেট কেটে মেলায় প্রবেশ করা যাবে। তবে ৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে টিকেট লাগবে না।
ইউনাইটেড ফেয়ার করপোরেশনের আয়োজনে এই মেলা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে কে এম জহিরুল ইসলাম লেলিন বলেন, "বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরানের ১০১টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এর মধ্যে দেশীয় ব্যাবসয়ীদের ৭০টি ও পাকিস্তানের ১১টি স্টল থাকবে।"
মেলায় প্রসাধনী, ক্রোকারিজ, হস্তশিল্প, খাদ্য সামগ্রী, মৃৎশিল্প, খেলনা, মোবাইল, ইলেকট্রনিক্স, তৈরি পোশাক, শাড়ি, চামড়াজাত পণ্য, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এছাড়া দর্শনার্থীদের জন্য থাকবে র্যাফেল ড্র ও বিভিন্ন স্টলের মূল্যছাড় সুবিধা।
মেলা আয়োজক কমিটির বিল্লাল হোসেন ও মো. ইলিয়াস মিয়া এবং বসুন্ধরা এক্সিভিশন সেন্টারের পক্ষে মো. মোবারক হোসেন রানা ও সুমন সাহা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৭৪১ ঘ.
bdnews24