ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কর ফাঁকি দেওয়ার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান এবং সিবিএ নেতা বিএম বাকির হোসেনের বিরুদ্ধে ঢাকার জ্যেষ্ঠ জজ আদালতে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড পৃথক দুটি মামলা দায়ের করেছে।
সকাল সাড়ে ১০টায় আমান উল্লাহ আমানের বিরুদ্ধে কর ফাঁকির মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. মনোয়ার হোসেন মুন্সী।
মামলায় অভিযোগে বলা হয়, অভিযুক্ত ১৯৯২-৯৩, ৯৩-৯৪, ৯৭-৯৮, ২০০১-০৬ কর বর্ষে এক কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকা কর ফাঁকি দিয়েছেন।
এ ছাড়া বিএম বাকির হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার তাসমিয়া দেলোয়ার।
এ মামলার অভিযোগে বলা হয়েছে, বিএম বাকির হোসেন ২০০০-০১, ২০০৬-০৭ কর বর্ষে ১৫ লাখ ছয় হাজার ৪৯৭ টাকা ৪৫ পয়সা কর ফাঁকি দিয়েছেন।
আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৩ জন এবং বিএম বাকির হোসেনের মামলায় আট জনকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১২২০ ঘ.
bdnews24