ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সড়ক দূর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীতে তিনজনের মৃত্যু হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ শ্রীপুর থেকে ঢাকায় আসা বনশ্রী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো জ ১৪৬৬) থেকে অজ্ঞাত এক যুবকের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে।
শাহবাগ থানার উপ--পরিদর্শক সুরুজ্জামান জানান, শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য বাসটিতে তুলে দেয়। পথিমধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পরনে জিন্স ও শার্ট ছিল।
কমলাপুর টিটিপাড়া এলাকায় শনিবার ভোররাতে গাড়ির চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। মনির হোসেন (১৮) এনেক্স পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়। তার পিতার নাম হামিদ মোল্লা। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
সায়েদাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজধানী সুপার মার্কেটে বিক্রমপুর লুঙ্গি স্টোরের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে ২৩১৪ ঘ.
bdnews24