ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারত বাংলাদেশকে চাল, আটা ও গুঁড়ো দুধ মিলে মোট ৫১ হাজার টন খাদ্য সামগ্রী দেবে। বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি এবং উন্নয়নের সহযোগী হিসেবে এ উপহার দেওয়া হচ্ছে বলে রোববার ভারতীয় দূতাবাস জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী তাদের পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখার্জির একটি চিঠি পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতের কাছে সব সময় বাংলাদেশের একটি বিশেষ স্থান আছে। দু'দেশের জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে ২৩০৩ ঘ.
bdnews24