ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গত ১৭ জুন দ্রুতগামী ট্রেন থামিয়ে এক হাজার যাত্রীর প্রাণরক্ষা করার কথিত দাবিদার পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলমগীর ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আলমগীর ছিলেন ওই ট্রেনটির নিরাপত্তা ইনচার্জ।
রোববার রেল পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৩ জুলাই পুলিশ সদর দপ্তর তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং এখন তিনি চট্টগ্রাম আছেন।"
এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা আলমগীর ভূঁইয়ার বরখাস্ত হওয়ার কথা স্বীকার করলেন।
আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটির চালক বিষ মেশানো খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এ অবস্থায় ঝুঁকি নিয়ে তিনি লাথি মেরে হোসপাইপ বিচ্ছিন্ন করে ট্রেন থামান।
সংবাদপত্রে এ কাহিনী ছাপা হলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আলমগীরকে 'কর্তব্যনিষ্ঠা'র জন্য অভিনন্দন জানান। তাকে জাতীয়ভাবে পুরস্কার দেওয়ারও চিন্তাভাবনা হচ্ছিল।
কিন্তু গত ৩০ জুন প্রকৃত ঘটনা তুলে ধরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের একটি অনুসন্ধানী প্রতিবেদন দৈনিক 'সমকাল' পত্রিকায় প্রকাশিত হলে পুলিশ বিভাগ থেকে একটি তদন্ত হয়। এতে প্রমাণিত হয় আলমগীর মিথ্যা বলে বাহবা নিয়েছেন। এরপরই তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এর আগে রেল কর্তৃপক্ষেরও আরেকটি তদন্তে তার দাবি নাকচ করা হয়েছিল।
তদন্তে জানা যায়, ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে থামার কথা থাকলেও চালক বিষাক্ত খাদ্য খেয়ে অচেতন হয়ে পড়ায় না থেমে ট্রেনটি দ্রুতগতিতে চলতে থাকে। এ অবস্থায় কর্তব্যরত গার্ড জরুরি ব্রেক টেনে ট্রেনটি থামান। তা না হলে বিপরীত দিক থেকে আসা অন্য ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এসকে ২২২৬ ঘ.
bdnews24