২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য অধিদপ্তরের প্রচারণা ও নিয়ন্ত্রণ বিভাগ আলাদা করার পরিকল্পনা

মৎস্য বিভাগের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এর নিয়ন্ত্রণ ও প্রচারণার বিভাগকে আলাদা করার কথা ভাবছে সরকার। রোববার মৎস্য সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৎস্য বিভাগের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এর নিয়ন্ত্রণ ও প্রচারণার বিভাগকে আলাদা করার কথা ভাবছে সরকার। রোববার মৎস্য সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম এ তথ্য জানান। মৎস্য ভবনে আয়োজিত 'ইউরোপীয় ইউনিয়নের অ-শুল্ক বাণিজ্যবিধি: চিংড়ি ও মাছ রপ্তানিখাত টিকিয়ে রাখতে এই বিধি মেনে চলার গুরুত্ব' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, "আজকের বিশ্বে নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রচারণা দুটোই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে মৎস্য অধিদপ্তরের পক্ষে একসঙ্গে দুটো কাজ চালিয়ে যাওয়া কঠিন।" তিনি বলেন, "প্রচারণা ও নিয়ন্ত্রণের দায়িত্ব আলাদা বিভাগকে দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। এমনও হতে পারে যে বর্তমান মৎস্য অধিদপ্তর প্রচারণার দায়িত্বে থাকবে এবং নিয়ন্ত্রণের বিষয়গুলো দেখভালের জন্য আলাদা বিভাগ করা হবে।" মাছ রপ্তানিতে প্রবৃদ্ধি বজায় রাখতে হলে মানের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে সিএস করিম বলেন, বিশ্ব বাজারে টিকতে চাইলে আমাদের মান বাড়ানোর কথা ভাবতেই হবে। ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের মতো দেশ খাবারের মান ও নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করে না। আমরা যদি তাদের খাদ্য বিষয়ক নীতিমালা অনুসরণ করতে না পারি সেক্ষেত্রে তারা আমাদের পণ্য কেনা বন্ধ করে দেবে। উপদেষ্টা বলেন, একটি স্বাধীন বিভাগকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হলে দেশের রপ্তানিযোগ্য খাদ্যের মান নিশ্চিত করা সহজ হবে। দেশীয় ক্রেতারাও এ থেকে লাভবান হবে। সেমিনারে উপস্থিত বাংলাদেশে ইউরোপীয় কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রাঁসোয়া কোলেট বলেন, বাংলাদেশ বিদেশী ক্রেতা ও দেশী ভোক্তা উভয়ের খাদ্য নিরাপত্তার বিষয়টিতে আস্থাবান ও প্রতিশ্র"তিবদ্ধ। বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন (বিএসএফএফ) এর প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদুল হক বলেন, আমাদের দেশের রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার বিষয়ে যথেষ্ট সচেতন নন। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করছে বিএসএফএফ । বাংলদেশ হিমায়িত খাদ্য রপ্তানীকারক সমিতি (বিএফএফইএ ) এর প্রেসিডেন্ট মাকসুদুর রহমান জানান, ২০০৬-০৭ অর্থবছরে বাংলাদেশ মোট ৫১ কোটি ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি করেছে। ২০১০ সালের মধ্যে এই পরিমাণকে ১০০ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্র নিয়েছে বিএফএফইএ। তিনি বলেন, রপ্তানি পণ্যের মান ও খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা না গেলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। মৎস্য সচিব সৈয়দ আতাউর রহমানও এই সেমিনারে বতৃতা করেন। পক্ষকালব্যাপী মৎস্য মেলা ২০০৭ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সহযোগিতায় বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে। এ উপলক্ষ্যে মাছ ও চিংড়ি রপ্তানিকারকদের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিধির ওপর একটি প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করে বিএসএফএফ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/জেকে/এসকে ২২১৪ ঘ.