২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর পুঠিয়ায় অস্ত্র ও বোমার সরঞ্জামসহ তিন জন গ্রেপ্তার

পুঠিয়া উপজেলার ঝলমলিয়া আশ্রয় কেন্দ্রের কাছে রাজশাহী-নাটোর সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্র ও বোমার সরঞ্জামসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট গোলেনূর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

রাজশাহী, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুঠিয়া উপজেলার ঝলমলিয়া আশ্রয় কেন্দ্রের কাছে রাজশাহী-নাটোর সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্র ও বোমার সরঞ্জামসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট গোলেনূর রহমান। রোববার বিকেল ৪ টার দিকে রাজশাহী থেকে নাটোরগামী জেকে পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালিয়ে পাবনার আটঘরিয়া এলাকার কুতুবুদ্দিন(২০), নয়ন কস্তা (২৫) ও রাজশাহী নগরীর শিরইল এলাকার শরিফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।" তাদের কাছে একটি পিস্তল, একটি রিভলভার, একটি পাইপগান এবং ১০০ গ্রাম গান পাউডার, একাট ব্যাটারি ও একটি ঘড়ি পাওয়া যায় বলে গোলেনূর রহমান জানান। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নাচোল থেকে অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম ৭২ হাজার টাকায় কিনে পাবনার আটঘরিয়া নিয়ে যাওয়া হচ্ছিল বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়। তিনি বলেন, "তিনজনই চরমপন্থী দলের সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছে। তারা বলেছে, 'বাহিনী' নামে নতুন একটি চরমপন্থী দলের তারা গঠন করতে যাচ্ছে। প্রতিপক্ষ চরমপন্থী দলের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র ও বোমার সরঞ্জাম নিচ্ছিল তারা।" জসিম উদ্দিন আরও বলেন, " পাবনার আটঘরিয়া এলাকায় এক অন্ধ ব্যক্তি বোমা তৈরি করেন বলে গ্রেপ্তারকৃতরা জানায়।" এই ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেও মামলাটি তদন্ত করবেন বলে জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০৪২ ঘ.