চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পৃথক দুটি বোমা হামলার মামলায় চট্টগ্রামে পাঁচ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
রোববার বিকালে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এনামূল হক ভূইয়ার আদালতে আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করা হয়।
সরকার পক্ষের আইনজীবী শফিউল মোর্শেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশ জুড়ে বোমা হামলার সময় চট্টগ্রামে বোমা হামলার ঘটনায় এবং ওই বছরের ৩ অক্টোবর চট্টগ্রামের একটি আদালতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেএমবি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালত সূত্র জানায়, ১৭ আগস্ট পাহাড়তলী থানা এলাকায় বোমা বিস্ফোরণের মামলায় জেএমবির চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও আশরাফুল আলম ওরফে টি আলমকে অভিযুক্ত করা হয়েছে।
এ মামলায় অভিযুক্ত জেএমবির শীর্ষ তিন নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানির মৃতুদণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই আদালতে ৩ অক্টোবর বোমা হামলার মামলায় জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, বোমা মিজান, শাহাদাত আলী এবং আব্দুল মালেক ওরফে লাল্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০০৪ ঘ.
bdnews24