২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার অভিযোগ গঠন ৩১ জুলাই

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দু'টি মামলাই বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে। আগামী ৩১ জুলাই অভিযোগ গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

সিলেট, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দু'টি মামলাই বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে। আগামী ৩১ জুলাই অভিযোগ গঠন করা হবে। সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল গফুর রোববার হত্যা ও বিস্ফোরক মামলা দু'টি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত (অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইবুনাল) আদালতে স্থানান্তরের আদেশ দেন। মামলার চার আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, বিপুল, রিপন ও মফিজুর রহমান এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রোববার জেলা ও দায়রা জজ আদালতে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। সিলেটের পিপি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " মামলা দুটি অস্ত্র ও বিস্ফোরক আইনেই হওয়ায় সেগুলো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আদালতে স্থানান্তর করে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে।" ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জিয়ারত শেষে বের হওয়ার সময় তার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ নিহত হন তিনজন । হামলায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী আহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান চলতি বছরের ৯ জুন সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হরকাতুল জিহাদকে দায়ি করে দুটি অভিযোগপত্র দেন। এতে মুফতি হান্নান, তার সহযোগী শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল, দেলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান মফিজকে অভিযুক্ত করা হয়। পরে জেলা ও দায়রা জজ আদালত হত্যা ও বিস্ফোরক মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির তারিখ ২৯ জুলাই ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/এসকে ১৬৫৮ ঘ.