২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ আগস্ট শেষ হুইসেল বাজবে পিপলস জুট মিলে

১ আগস্ট প্রথম প্রহরে হুইসেল বাজবে খুলনার পিপলস জুট মিলে। শেষ বারের মতো বাজানো ওই হুইসেল 'মৃত্যুঘণ্টা'ই ঘোষণা করবে অর্ধ শতাব্দী প্রাচীন রাষ্ট্রায়াত্ত ওই মিলের। কর্মচাঞ্চল্য তো থেমেই ছিল; এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিকতার। সে আনুষ্ঠানিকতারও ইতি ঘটবে সেদিন। সরকারি সিদ্ধান্তে ইতোমধ্যেই মিলের ৩ হাজার ৫৬৭ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ছেড়ে দিতে বলা হয়েছে মিল কলোনির বাসা। এ অবস্থায় শ্রমিকরা দিশেহারা হয়ে খুঁজছেন মাথা গোঁজার এতটুকু ঠাঁই। আশা নিয়ে আছেন 'বকেয়া পাওনাটাও যদি পাওয়া যায়'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 09:50 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

সুবীর রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম খুলনা প্রতিনিধি খুলনা, জুলাই ২৯ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১ আগস্ট প্রথম প্রহরে হুইসেল বাজবে খুলনার পিপলস জুট মিলে। শেষ বারের মতো বাজানো ওই হুইসেল 'মৃত্যুঘণ্টা'ই ঘোষণা করবে অর্ধ শতাব্দী প্রাচীন রাষ্ট্রায়াত্ত ওই মিলের। কর্মচাঞ্চল্য তো থেমেই ছিল; এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিকতার। সে আনুষ্ঠানিকতারও ইতি ঘটবে সেদিন। সরকারি সিদ্ধান্তে ইতোমধ্যেই মিলের ৩ হাজার ৫৬৭ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ছেড়ে দিতে বলা হয়েছে মিল কলোনির বাসা। এ অবস্থায় শ্রমিকরা দিশেহারা হয়ে খুঁজছেন মাথা গোঁজার এতটুকু ঠাঁই। আশা নিয়ে আছেন 'বকেয়া পাওনাটাও যদি পাওয়া যায়'। জুট মিলের প্রকল্প প্রধান মো. মাহবুবুল আলম অবশ্য জানিয়েছেন, ১ আগস্ট থেকে পাট কলটি বন্ধ হয়ে গেলেও শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা খুব শিগগিরই পরিশোধ করা হবে। পরিশোধের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। পিপলস জুট মিলের প্রধান ফটকে কথা হয় শ্রমিক আব্দুর রহমান ও আব্দুস সাত্তারের সঙ্গে। তারা জানান, তাদের বকেয়া পাওনা এখনো পরিশোধ করা হয়নি। হাতে পয়সা নেই, ঘরে খাবার নেই, তার মধ্যে কলোনি ছাড়ার নির্দেশ তাদের হতাশ করেছে। এ অবস্থায় প্রয়োজনে তারা আন্দোলন করবেন, তবুও পাওনা না নিয়ে কলোনি ছাড়বেন না বলে জানান তারা। ১৯৫২ সালের খালিশপুর শিল্পাঞ্চলে ৭০ দশমিক ২৯ একর জমির ওপর এ মিলটি চালু করা হয়েছিল। চলতি বছরের ১৯ এপ্রিল মিলটি লে-অফ ঘোষণা এবং ১০ জুলাই একযোগে ৩ হাজার ১৯৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাইয়ের মধ্য দিয়ে মিলটি বন্ধের প্রক্রিয়া শুরু হয়। চূড়ান্তভাবে মিলটি বন্ধের আগে এ পর্যন্ত মিলের ৩ হাজার ৫৬৭ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক ছাঁটাই করা হয়েছে। মিল সূত্র জানায়, সর্বশেষ থাকা মিলটির লোকবলের মধ্যে ছিল কর্মকর্তা ৬২ জন, কর্মচারী ৩৯৮ জন এবং স্থায়ী শ্রমিক ৩ হাজার ১০৭ জন ও বদলি শ্রমিক ১ হাজার ৬৮৫ জন। ডিসেম্বর ২০০৬ পর্যন্ত মিলটির শ্রমিক কর্মচারীদের বকেয়াসহ অন্যান্য খাতে দায়দেনার পরিমাণ ছিল ১২০ কোটি ৯ লাখ টাকা। মিলটির কাছে বিজেএমসির পাওনা রয়েছে ১৮ কোটি টাকা। এছাড়া ব্যাংক ঋণ রয়েছে প্রায় দেড়শ' কোটি টাকা। মিলটির কাছে শ্রমিকদের ১৬ সপ্তাহের মজুরি বাবদ ৬২ কোটি ১১ লক্ষ ৬০ হাজার টাকা এবং কর্মচারীদের ৫ মাসের বেতন ১৯ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। মিলটির বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকার মতো। শুরু থেকে এ পর্যন্ত মিলটির লোকসানের পরিমাণ প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা। বিজেএমসি এর সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিট অর্থাৎ ১ আগস্ট থেকে খুলনার পিপলস জুটমিলসসহ দেশের ৪ টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। অন্যান্য জুটমিলগুলো হচ্ছে সিরাজগঞ্জের রায়পুরের কওমী জুটমিল, চট্রগামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ও ফোরাত কর্ণফুলী কার্পেট মিলস লিমিটেড। কাঁচা পাটের অভাব, অর্থ সংকট, উৎপাদন ঘাটতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন কারণে মিলগুলো চালু রাখা সম্ভব নয় বলে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সরকারের তরফে জানানো হয়। গত ১৬ জুলাই বিজেএমসির সচিব মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, গত ৩ জুন অনুষ্ঠিত বিজেএমসি পরিচালক মণ্ডলির সভায় মিল চারটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৫১ ঘ.