ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও ভোলায় রোববার তিন নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বগুড়া প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে সোনাতলা রেল স্টেশন এলাকা থেকে হোসনে আরা (৩৫) নামে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হোসনে আরার সঙ্গে গত শনিবার রাতে তার স্বামী মোকসেদ আলীর ঝগড়া হয়। আর পরদিনই হোসনে আরার লাশ পাওয়া যায়।
পুলিশের ধারণা, মোকসেদ আলীই তার স্ত্রীকে হত্যা করেছে।
ঘটনার পর থেকেই মোকসেদ পলাতক রয়েছেন।
ভোলা প্রতিনিধি জানান, চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামে শনিবার দিবাগত রাতে আয়েশা (৭০) ও হনুফা (৬৬) নামে দুই নারীকে তাদের বাড়িতে জবাই করে হত্যা করা হয়। তারা দুজন সম্পর্কে ননদ-ভাবী।
খবর পেয়ে রোববার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাছেত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জমি জমা সংক্রান্ত বিরোধে জের ধরে তাদের হত্যা করা হতে পারে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24