২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই নির্বাচন কর্মকর্তাদের পরীক্ষার ফল দুই মাসেও হয়নি

বিতর্কিত ৩০৩ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা যোগ্যতার পরীক্ষা দেওয়ার দুই মাস পরও নির্বাচন কমিশন তাদের ফলাফল প্রকাশ করেনি। পরীক্ষাটি নেওয়ার সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ফলাফল নির্বাচন কমিশনে পাঠিয়ে দিলেও তা কেন প্রকাশ হচ্ছে না, সে বিষয়ে মুখ খুলতে নারাজ কমিশন কর্মকর্তারা। গত ১৮ মে কমিশনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ১০০ নম্বরের এই পরীক্ষায় নেয়। দু' ঘণ্টার ওই পরীক্ষায় পাশ নম্বর ধরা হয় ৫০। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং উত্তর মূল্যায়ন করে আইবিএ। আইবিএ এর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুই সপ্তাহ আগে তারা পরীক্ষার ফলাফল নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 10:26 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিতর্কিত ৩০৩ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা যোগ্যতার পরীক্ষা দেওয়ার দুই মাস পরও নির্বাচন কমিশন তাদের ফলাফল প্রকাশ করেনি। পরীক্ষাটি নেওয়ার সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ফলাফল নির্বাচন কমিশনে পাঠিয়ে দিলেও তা কেন প্রকাশ হচ্ছে না, সে বিষয়ে মুখ খুলতে নারাজ কমিশন কর্মকর্তারা। গত ১৮ মে কমিশনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ১০০ নম্বরের এই পরীক্ষায় নেয়। দু' ঘণ্টার ওই পরীক্ষায় পাশ নম্বর ধরা হয় ৫০। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং উত্তর মূল্যায়ন করে আইবিএ। আইবিএ এর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুই সপ্তাহ আগে তারা পরীক্ষার ফলাফল নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না।" তিনি এ প্রসঙ্গে এর চেয়ে বেশি কিছু বলতেও রাজি হননি। এর আগে কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০০৫ সালে নিয়োগ পাওয়া ৩২০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে কমিশন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া এ সব কর্মকর্তার আবারও যোগ্যতার পরীক্ষার আয়োজন করে। কমিশন সচিব আরও জানান, ওই কর্মকর্তাদের মধ্যে ১৭ জন এরই মধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন। বাকিদের যারা যোগ্যতার পরীক্ষায় পাশ করবেন, তাদের স্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী মানিকগঞ্জের মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদ মিয়া সাগর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কবে নাগাদ পরীক্ষার ফল প্রকাশ হবে তা কমিশন এখনো জানায়নি। এ কারণে দু মাস ধরে আমরা চরম অনিশ্চয়তায় ভুগছি।" এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্মকর্তা বলেন, "আগস্ট মাসে রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনসহ ১০ পৌর এলাকায় কমিশন যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করতে যাচ্ছে, তাতে ওই ৩০৩ জন উপজেলা কর্মকর্তাকে কাজে লাগানো হতে পারে। কিন্তু এ অবস্থায় তাদের কাজে লাগালে নতুন ভোটার তালিকা নিয়ে পুনরায় বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/কেআরসি/এমআই/এসি/১৬১৫ ঘ.