চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁওয়ে বৃহস্পতিবার রাতে একটি বাসায় হানা দিয়ে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে এক দল ডাকাত।
ডাকাতদের হামলায় আহত বাড়ির দারোয়ান জয়নাল আবেদিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির সময় মালিক পরিবারের কেউ বাসায় ছিলেন না।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাকাতরা চান্দগাঁও আবাসিক এলাকার দুই নম্বর রোডে বজলুর রশীদের বাসার দরজা ভেঙ্গে ঢুকে আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ওই সময় বাধা দিলে ডাকাতরা বাড়ির দারোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মোহাম্মদ খালেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার মালিক বজলুর রহমানের কর্মস্থল খুলনা। ফলে দেড় মাস ধরেই বাসায় কেউ না থাকার সুযোগ নেয় ডাকাত দল।
তিনি জানান, পরিবারের সদস্যরা ফিরলে কত টাকা লুট হয়েছে তা জানা যাবে এবং এরপরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১৫১৭ ঘ.
bdnews24