২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও চাঁদপুরে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

বরিশালের মুলাদী এবং চাঁদপুরের মতলব উপজেলার ওপর দিয়ে শুক্রবার সকালে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে দুই স্থানে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন আট জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী এবং চাঁদপুরের মতলব উপজেলার ওপর দিয়ে শুক্রবার সকালে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে দুই স্থানে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন আট জন। বরিশাল প্রতিনিধি জানান, মুলাদী উপজেলার চর কালেখা ইউনিয়নের তিনটি গ্রামের উপর দিয়ে সকাল সাড়ে ৯ টার দিকে ঝড় বয়ে যায়। ওই সময় ঘর চাপা পড়ে আহত হন আট জন। এদের মধ্যে গুরুতর আহত লক্ষ্মীপুর জালালাবাদ গ্রামের আবদুল আজিজ বয়াতিকে (৪০) মুলাদী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চরকালেখা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লক্ষ্মীপুর-জালালাবাদ, পশ্চিম চরকালেখা এবং ষোলঘড় গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে অর্ধশতাধিক ঘর উড়ে যায়। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি উপজেলার বাইরে অবস্থান করায় জেলা প্রশাসকের নির্দেশে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহাবুব আলম শুক্রবার দুপুরের দিকে ক্ষতিগ্রস্থ এলাকায় গেছেন। চাঁদপুর প্রতিনিধি জানান, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের নাওজান গ্রামের ওপর দিয়ে ভোরে ঘূর্ণিঝড় বয়ে যায়। নাওজান গ্রামের শওকত আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আচমকা ঝড়ে প্রায় অর্ধশত কাঁচা ঘর ও পাঁচটি দোকান বিধ্বস্ত হয়। বহু গাছ উপড়ে পড়ে। তিনি আরও জানান, ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ওই গ্রাম বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে ঝড়ে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.