খুলনা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ ১৫ আগস্ট শুরু হতে পারে। গাজীপুরের শ্রীপুর প্রকল্পের আদলেই এখানকার কাজ চলবে।
খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ভোটার তালিকা তৈরির জন্য দুটি দল একসঙ্গে মাঠে নামবে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের কাজ শুরু হবে। তথ্য নিবন্ধনের জন্য ৩০ জন কম্পিউটার অপারেটর নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
মো. আজিজুল ইসলাম জানান, খুলনা সিটি করপোরেশন এলাকায় নির্বাচন অফিস থেকে মনোনিত একজন প্রতিনিধি সর্বোচ্চ দুইশ ভোটারের তথ্য সংগ্রহ করবেন। প্রতিটি তথ্য কেন্দ্রে ১৫টি ল্যাপটপ কম্পিউটার, ৩০ জন কম্পিউটার অপারেটর ও একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ থাকবেন। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।
ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ সুষ্ঠুভাবে করার জন্য গত ২৩ জুলাই স্থানীয় যৌথবাহিনী ক্যাম্পে ও ২৫ জুলাই খুলনা জেলা প্রশাসকের কক্ষে আলাদা দুটি বৈঠক হয়েছে। আজিজুল ইসলাম জানান, এসব বৈঠকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সিটি করপোরেশন এলকায় ভোটার তালিকা তৈরির কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭২৩ ঘ.
bdnews24