ঢাকা, ২৬ জুলাই ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা সি এস করিম। তিনি বলেছেন, সরকার বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তর আয়োজিত "উদ্বুদ্ধকরণ সমাবেশ" শীর্ষক মতবিনিমিয় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
উপদেষ্টা বলেন, "কৃষকরা পণ্য সরাসরি শহরাঞ্চলে বাজারজাত করতে পারলে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।"
সরকার শুল্কমুক্ত সুবিধায় আলু আমদানির চিন্তাভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন এতে বাজারের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সি এস করিম জানান, "মুন্সিগঞ্জে আমরা দেখেছি আলু বিক্রি হয় ৮ টাকা কেজি করে। সেই আলু ঢাকার বাজারে কী করে ২২ কেজি বিক্রি হয় আমরা সেই হিসাব খুঁজে পাই না। মধ্যস্বত্বভোগীরা সব লাভ করে নিচ্ছে। কিন্তু তারা এতো লাভ করবে কেন?"
তিনি বলেন, "ভবিষ্যতে বিদেশ থেকে আমদানির মত কোন ফসল পাওয়া যাবে না। এ বিষয় মাথায় রেখে অধিক ফলনের দিকে সবাইকে নজর দিতে হবে।"
বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, "আগে ভারত, চীনসহ অনেক দেশ নানা ধরনের পণ্য রপ্তানি করতো। কিন্ত এখন চাহিদা বেড়ে যাওয়ায় তারা সেই পণ্যগুলো রপ্তানি করে না।"
কৃষি উপদেষ্টা আরও বলেন, "সার যাতে সরাসরি কৃষকের হাতে পৌঁছায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
ইলিশ সম্পর্কে তিনি বলেন, "ইলিশের সরবরাহ বেড়েছে কিন্তু দাম কমেনি।"
উপদেষ্টা বলেন, "অনেকগুলো মাছ হারিয়ে গেছে। যেগুলো হারিয়ে যাওয়ার উপক্রম সেগুলো সংরক্ষণের চেষ্টা করছি। অনেক অভয়াশ্রমে এখন মা মাছ ডিম পাড়তে আসে না। আমরা অনেকে জানি না একটা মা মাছ মারা মানে কয়েকশ কোটি মাছকে জন্মাতে না দেওয়া।"
তিনি বলেন, "মৎস্য সম্পদ রক্ষার জন্য আমাদের অনেক আইন আছে। কিন্তু বাস্তবায়ন নেই। জেলা ও উপজেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে কঠোর হতে হবে।"
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. নজরুল ইসলাম, ডা. সি এস কবির ও সোনাগাজী পৌরসভার চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সেন্টু।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/এমএইচবি/ ২২০০ ঘ. ঘ.
bdnews24