ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সংস্কারপন্থীদের ভেতরে 'নরম' কিংবা 'গরম' সুর বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ "সঠিক নয়" দাবি করে তিনি বলেন, "আমরা দলের ভেতরে গণতন্ত্রায়নের লক্ষ্যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি। কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেই এ রাজনৈতিক প্রক্রিয়া সমাপ্ত করতে চাই।"
বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাৎ শেষে আশরাফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির সংস্কারের পক্ষে তৃণমূল পর্যায়ে ব্যাপক সমর্থন রয়েছে বলেও দাবি করেন।
আশরাফ হোসেন বলেন, "বেশিরভাগ কাউন্সিলরের কাছ থেকেই আমরা কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে ব্যাপক সমর্থন পাচ্ছি।"
অস্ট্রেলিয়ার বিএনপি নেতাদের সঙ্গে টেলি-কনফারেন্সে খালেদা জিয়ার আক্রমণাত্মক বক্তব্যের তীব্র সমালোচনা করার পরদিনই সংস্কারপন্থীরা দৃশ্যত নরম হয়ে বলেছিলেন, তারা সংঘাত চান না বরং এখনো খালেদা জিয়ার কাউন্সিল ডাকার অপেক্ষা করছেন।
এর আগে আব্দুল মান্নান ভূঁইয়া চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, যুগ্ম- মহাসচিব আশরাফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সাংসদ শাহ্ মো. আবু জাফর, নাজির হোসেন, জহির উদ্দিন স্বপন, ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন, জিয়াউল হক মোল্লা, মাসুদ অরুণ প্রমুখ নেতাদের সঙ্গে সংস্কারের বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মনির হোসেনের নেতৃত্বে সংগঠনের কিছু নেতাও বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেন।
সাক্ষাৎ শেষে মনির হোসেন বলেন, এতদিন ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে কোনো মাপকাঠি ছিল না, তাই তারা এখন সংস্কারের পক্ষে।
ছাত্র রাজনীতিতে আমূল সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, "ছাত্রদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে যেন ব্যবহার করা না যায় সেজন্য সংস্কার আনতে হবে।"
এ সময় মনির হোসেনের সঙ্গে ছিলেন, সাবেক ছাত্রনেতা আলী আক্কাস নাদিম, সুরঞ্জন ঘোষ প্রমুখ।
দুপুর পর্যন্ত মাদারীপুর, ফরিদপুর, বরিশাল ও সিলেটের জেলা নেতারা মান্নান ভূূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/ ১৫০৮ ঘ.
bdnews24