ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুধবার বিকেলে বন্ধ হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট আবার সচল হয়েছে। রাত ৯টার দিকে সেখানে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বাকি ইউনিটগুলো চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ কেন্দ্রের অক্সিলারি পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার ট্রিপ করায় কেন্দ্রের সবগুলো ইউনিটের উৎপাদন বিকেলে বন্ধ হয়ে যায়। এরপর প্রকৌশলীরা ত্র"টি সারিয়ে রাত ৯টার দিকে ৫৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার জিটি ২, ৬৪ মেগাওয়াট ক্ষমতার ইউনিট ১ ও ৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এসটি ইউনিট তিনটি চালু করেন।
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৫ নং ইউনিট গত ২২ জুলাই ও ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ২ নং ইউনিট ২৪ জুলাই থেকে বন্ধ আছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান জানান, বিকেল ৪টার দিকে অক্সিলারি পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার ট্রিপ করায় বাকি ছয়টি ইউনিট একযোগে অচল হয়ে পড়ে। ফলে বিকেল থেকে জাতীয় গ্রিডে ৫ শ ১৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৩২ ঘ.
bdnews24