ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।
বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত - ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে ৩৪২ ধারায় দেওয়া লিখিত বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একই সঙ্গে সাফাই সাক্ষ্য দেওয়ার আবেদন জানান। আদালত আগামী রোববার সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আদালত এ মামলায় গত ২৭ জুন অভিযোগ গঠন করে ১ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করে। মোট ৫৩ জন সাক্ষ্য দিয়েছেন।
সম্পত্তির হিসাব-বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং জানা আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে পংকজ দেবনাথ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আব্দুল লতিফ বাদি হয়ে গত ২২ মার্চ ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, পংকজ দেবনাথ ঘোষিত আয় বহির্ভূত ৩২ লাখ টাকার স্থায়ী সঞ্চয়সহ (এফডিআর) ৬৫ লাখ ১৬ হাজার ৬ শ ১৬ টাকার সম্পত্তি অর্জন করেছেন। তার স্ত্রী মনিকা দেবনাথ এই সম্পত্তি অর্জনে সহযোগিতা করেছেন।
এ মামলায় পংকজ দেবনাথ কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯৪৭ ঘ.
bdnews24