পটুয়াখালী, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালীতে মো. ইউসুফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে জেলা শহরের চৌরাস্তা এলাকা থেকে তাকে র্যাব-৮ এর সদস্যরা গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা মেজর ওসমানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ইউসুফ ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাহজাদা হাবিবুল্লাহ মাসুদের কাছে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি ওই চেয়ারম্যান র্যাব ক্যাম্পে জানায়। এরপর চাঁদার টাকা নিতে বুধবার ইউসুফকে শহরের চৌরাস্তা এলাকায় আসতে বলেন মাসুদ। ওই সময় ওঁৎ পেতে থাকা র্যাব সদস্যরা ইউসুফকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের পর ইউসুফকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হাবিবুল্লাহ মাসুদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ইউসুফ বরগুনা জেলার আমতলী থানার টয়াখালী গ্রামের মৃত ফয়েজ আলী হাওলাদারের ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২২ ঘ.
bdnews24