ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি বিরোধী টাস্কফোর্স অনুসন্ধান শেষে আরো ১০ জনের বিরুদ্ধে মামলা দায়েরে সম্মতি দিয়েছে।
ওইসব মামলার নথিপত্র এ সপ্তাহের মধ্যেই দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো হবে। দুদক ও এনবিআর এসব মামলা দায়ের করবে।
দুর্নীতি দমন সংক্রান্ত সমন্বয় কমিটির চেয়ারম্যান যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে গত ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত এক মাসে সমন্বয় কমিটি টাস্কফোর্সের অনুসন্ধানশেষে মোট ৪৭টি মামলা দায়েরে সম্মতি দিয়েছে।
সর্বশেষ ২৪ জুলাই যাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে সমন্বয় কমিটি সম্মতি দিয়েছে , তারা হলেন- চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, ঢাকার ওয়ার্ড কমিশনার আরিফুল হক, ফেনীর আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী, পিএসসির সাবেক সদস্য মাহফুজুর রহমান এবং উত্তরা গ্র"পের কর্ণধার গিরিধারী লাল মোদী।
উপদেষ্টা এমএ মতিন জানান, টাস্কফোর্স তদন্ত শেষে এ পর্যন্ত মোট ১৩১টি অভিযোগ মামলা দায়ের এবং বিচারের জন্য দুদক ও এনবিআর-এ পাঠিয়েছে।
তিনি জানান, এর মধ্যে ১১টি মামলায় ইতোমধ্যেই বিচার শেষে অপরাধীদের শাস্তি দেয়া হয়েছে। বর্তমানে আরো ১৭টি মামলা বিচারাধীন ।
৩৪টি অভিযোগ মামলা দায়েরের পর তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে মামলা দায়েরের পর্যায়ে রয়েছে ৫৫টি অভিযোগ।
দুদকে ১০টি এবং এনবিআর-এ চারটি মামলা বর্তমানে অভিযোগপত্র দেয়ার পর্যায়ে রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এমএ মতিন বলেন, আগামী তিন মাসের মধ্যে টাস্কফোর্স আরো ১০০-র বেশি অভিযোগ অনুসন্ধান শেষে প্রয়োজনে মামলা দায়েরের জন্য দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে পারবে।
তিনি বলেন, "২০০৮ সালের ডিসেম্বর মাসের মধ্যেই নয়টি বিশেষ আদালতে দুর্নীতিবাজদের বিচার শেষ করা সম্ভব হবে। তবে দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো, তা বলা যাবে না। আমরা একটি প্রক্রিয়া শুরু করেছি, যা পরবর্তী সরকার এসেও চালিয়ে নেবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭২৭ ঘ.
bdnews24