২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলালের বিরুদ্ধে মামলা নিয়ে বাদি-পুলিশ পাল্টাপাল্টি

যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলা চালানো নিয়ে বাদি ও পুলিশ পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। বাদি বরিশালের উজিরপুরের সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাজী মাহবুবুর রহমান ম্যাজিস্ট্রেট কোর্টে এক আবেদনে মামলা চালাতে অস্বীকৃৃতি জানিয়েছেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন। কিন্তু পুলিশ বলছে, এ ধরনের মামলা মীমাংসাযোগ্য নয়। তাছাড়া পুলিশের কাছে ওই আবেদনের কোনও কাগজপত্রও আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

বরিশাল, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলা চালানো নিয়ে বাদি ও পুলিশ পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। বাদি বরিশালের উজিরপুরের সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাজী মাহবুবুর রহমান ম্যাজিস্ট্রেট কোর্টে এক আবেদনে মামলা চালাতে অস্বীকৃৃতি জানিয়েছেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন। কিন্তু পুলিশ বলছে, এ ধরনের মামলা মীমাংসাযোগ্য নয়। তাছাড়া পুলিশের কাছে ওই আবেদনের কোনও কাগজপত্রও আসেনি। উজিরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একটি ঠিকাদারি কাজ পাওয়ার বিনিময়ে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মাহবুবুর রহমান চলতি বছরের ২৫ এপ্রিল উজিরপুর থানায় আলালের বিরুদ্ধে মামলাটি করেন। মাহবুবুর রহমান এখন বলছেন, চাঁদা হিসেবে নেওয়া ওই টাকা তিনি ফেরত পেয়েছেন। তাই তিনি মামলা চালাতে চাচ্ছেন না। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "জুন মাসের প্রথম দিকে আলাল এক লাখ ৭০ হাজার টাকা আমাকে ফেরত দিয়েছেন। তাই আমি ম্যাজিস্টেট কোর্টে মামলা না চালানোর জন্য আবেদন করেছি। সে আবেদনের একটি কপি মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জমাও দিয়েছি।" এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার আখতারুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "বাদি মামলা চালাতে অস্বীকৃৃতি জানিয়ে আদালতে আবেদন করেছেন বলে শুনেছি। কিন্ত তার কপি আমরা হাতে পাইনি।" তিনি আরও বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। ফলে এ মামলা মীমাংসা যোগ্য নয়। এ কারণে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার উপ-পরিদর্শক কাজী আলাউদ্দিন ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি তদন্তাধীন রয়েছে।" মামলা চালাতে অস্বীকৃতি জানানো সংক্রান্ত কোনও কাগজপত্র বাদি তাকে দেয়নি বলে দাবি করেন আলাউদ্দিন। এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাদি কেন আমার বিরুদ্ধে মামলা করেছে, আবার কী কারণেইবা মামলা চালাতে চাচ্ছে না তা আমি জানি না। কারণ দীর্ঘ দিন ধরে তার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৭১৫ ঘ.