ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--র্যাংগস ভবনের নকশা বাতিল অবৈধ ঘোষণায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি অব্যাহত রয়েছে।
বুধবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ দ্বিতীয় দিনের মতো আপিলটি শুনেছেন।
বৃহস্পতিবারও আপিলটির ওপর শুনানি চলবে।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, আপিলটি করা হয়েছে সিভিল এভিয়েশন আইন ও রাজউকের ইমারত আইন লঙ্ঘন করা হয়েছে কিনা এ বিষয় মীমাংসার জন্য।
অ্যাটর্নি জেনারেল বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিমান বন্দর এলাকায় কোনো ভবন নির্মাণ করা যাবেনা। এটাই আইনের বিধান।
রাজউক এ আইন মেনেই র্যাংগস ভবন নির্মাণ বন্ধের নোটিশ দিয়েছিল। কিন্তু রাজউকের নোটিশের তোয়াক্কা না করেই র্যাংগস ভবনের ২২ তলা পর্যন্ত নির্মাণ করেছে।
১৯৯৯ সালের ২১ জুন রাজউক র্যাংগস ভবনের নকশা বাতিল করে। এর বৈধতা নিয়ে ওই মাসেই র্যাংগস হাইকোর্টে রিট মামলা দায়ের করে। ২০০০ সালের ২ মে হাইকোর্ট রাজউকের এই নকশা বাতিল আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেয়।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আপিল করে। আপিল বিভাগ ২০০৫ সালের ৫ ডিসেম্বর আপিলটি শুনানির জন্য গ্রহণ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৪২ ঘ.
bdnews24