২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ : ঢাবির ৩০ ছাত্রের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহের ঘটনায় অজ্ঞাত ২৫/৩০ জন ছাত্রকে আসামি করে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 05:15 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহের ঘটনায় অজ্ঞাত ২৫/৩০ জন ছাত্রকে আসামি করে একটি মামলা হয়েছে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ২৫/৩০ জন ছাত্রকে আসামি করা হলেও তাদের দলীয় পরিচয় উল্লেখ করা হয়নি। নিউমার্কেট থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা অনুষদের সামনে মঙ্গলবার মিছিল এবং আইন উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের অপরাধে অজ্ঞাত ২৫/৩০ জন ছাত্রকে আসামি করে এ মামলা হয়েছে। মামলার এজাহারে জরুরি ক্ষমতা বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরীয়া মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগকর্মী শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানিয়ে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন। শেখ হাসিনার মুক্তি দাবি করে তারা বিভিন্ন শ্লোগানও দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে ২৩১০ ঘ.