২৪ জুলাই( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব এএইচএম নুরুল ইসলামকে চাকরিতে পুনর্বহালের উদ্যোগ নেয়া হয়েছে।
সংস্থাপন সচিব আবদুস সালাম খান মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন। তিনি বলেন, মতামত নেয়ার জন্য এসংক্রান্ত একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংস্থাপন সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়ার পর প্রধান উপদেষ্টার অনুমোদন নেয়ার জন্য প্রস্তাবটি তার কাছে পাঠানো হবে।
বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ২০০৪ সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব এএইচএম নুরুল ইসলামের বিরুদ্ধে 'ষড়যন্ত্রের' অভিযোগ এনে তাকে চাকরিচ্যূত করে।
অভিযোগ প্রমাণ করতে না পারায় সরকার এখন গণকর্মচারী অবসর গ্রহণ আইনের সুযোগ কাজে লাগিয়েছে। এ আইনের বিধান অনুযায়ী কর্মচারীদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার ইচ্ছা করলে যে কাউকে অবসর দিতে পারে । অন্য দিকে কোন কর্মচারী চাইলে এর সুযোগ নিয়ে চাকরি থেকে অবসরে যেতে পারে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এএইচএম নুরুল ইসলাম ২০০৬ সালের নভেম্বর মাসে চাকরি ফিরে পাওয়ার জন্য সংস্থাপন সচিব বরাবরে আবেদন করেন। এর আগে তিনি সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেন।
নুরুল ইসলাম ১৯৭৭ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসাবে চাকরিতে যোগদান করেন। নিয়মিত চাকরী থেকে অবসরে যাওয়ার কথা ছিল২০০৭ সালের আগস্ট মাসে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমকে/এসকে ২১৪৮ ঘ.
চাকরীর মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়া গত সরকার এএইচএম নুরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেয়।
bdnews24